রাহুলের মৃত্যুর পর একদিকে যেমন ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে ব্যান করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তেমন অন্যদিকে দীর্ঘ সময় ধরে যে শিল্পী এবং পরিচালকরা ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হয়েছিলেন তাদের ফিরিয়ে আনার কথাও হয়। ইন্ডাস্ট্রিতে ব্যান কালচারের নিষ্পত্তি করার কথা বলার পরেই দেব জানান, তাঁর ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ। অনির্বাণের কাম ব্যাক নিয়ে একটি ভিডিয়ো তৈরি করেন দেব, যেখানে উপস্থিত ছিলেন শুভশ্রীও।
অনির্বাণের কামব্যাক করার ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের সম্মুখীন হন অভিনেতা। ‘দেশু ৭’ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমার সিনেমা বলার থেকে বলা ভালো এটা দেব- শুভশ্রীর সিনেমা। এই জুটিকে আবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। এই সিনেমায় যে আমি একজন অভিনেতা হিসেবে যোগ দিতে পারছি এটাই আমার কাছে বড় কথা।’
অনির্বাণ বলেন, ‘দেবের প্রথম পরিচালিত ছবিতে কাজ করব আমি। অন্যদিকে আমার প্রথম ছবিও দেবের সঙ্গে। ‘আরশিনগর’ ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। এটা যেন একটা বৃত্ত সম্পন্ন হওয়ার মতো ব্যাপার। অন্যদিকে শুভশ্রী আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী, বহুদিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু কোনওদিন একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি।’
অনির্বাণ আরও বলেন, ‘দেবের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। একটা চমৎকার চরিত্র বা চমৎকার অভিনয়ের সুযোগ আমি পাব সেরকম কিছু ভেবেই আমাকে ওরা ডেকেছে। ছবির ঘোষণা শেষ হয়ে গিয়েছে এবার শুরু হবে ছবি তৈরীর কাজ। সেটা যত তাড়াতাড়ি শুরু হয়ে যায় তত ভালো। আগামী দিনে দর্শকদের একটা ভালো ছবি উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’

সবশেষে ব্যান কালচার নিয়ে অনির্বাণ বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে যে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন রয়েছে তারা নিয়মিত এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। এই সমস্যা নিষ্পত্তি কীভাবে হবে সেটা ওঁরাই বলতে পারবেন। আমি এই ধরনের বৈঠকে উপস্থিত থাকি না তাই আমার পক্ষে বলা সম্ভব নয়। আপাতত আমি যে ছবিতে আছি, সেই ছবিতে ভালো করে অভিনয় করার চেষ্টা করব।’