Bangladesh Cricket। বাংলাদেশকে বাদ দিয়েই শুরু টি২০ WC! নাকে কান্না ওপারের নেতার

Spread the love

‘মেজাজ’ নিয়ে শুরু হয়ে গেল টি২০ বিশ্বকাপ ২০২৬। ইতিমধ্যেই পাকিস্তান তার প্রথম ম্যাচে হারতে হারতে কোনও মতে জয় পেয়েছে। পিচে নেমেছে, ওয়েস্ট ইন্ডিস, স্কটল্যান্ড। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে এই স্কটল্যান্ডই খেলছে বাংলাদেশের জায়গায়। এর আগে মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখে বাংলাদেশের নিজের জেদে টিকে থেকে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ভারতের মাটিতে খেলতে রাজি ছিল না বাংলাদেশ। তারা চেয়েছিল শ্রীলঙ্কায় খেলতে, দীর্ঘ আলোচনার পর শেষমেশ এই কাপের ময়দান থেকে বাদ যায় বাংলাদেশ। আর আজ যখন ওয়াংখেড়েতে বর্ণাঢ্য উদ্বোধন পর্ব চলছে, ইতিমধ্যেই কাপের দুটি গ্রুপ পর্বের ম্যাচ ঘিরে ক্রিকেট জ্বর চড়েছে, তখন খবরে বাংলাদেশের জামাতের নেতা ড. শফিকুর রহমানের পোস্ট ভাইরাল। তাঁর পোস্টে উঠে আসে টি ২০ বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশের বাদ যাওয়ার পর্ব।

সামনেই বাংলাদেশে ভোট। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হতে চলেছে। তার আগে জোরদার প্রচারে জামায়েতের আমির শফিকুর। তিনি তাঁর পোস্টে লেখেন,’ আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে।’ এরই সঙ্গে তাঁর বার্তা,’ দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি।’ তাঁর দাবি, ‘আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।’ এরই সঙ্গে তাঁর পোস্টে লেখা রয়েছে,’ প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না।’ জামায়েত আমির বলছেন,’ দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।’

প্রসঙ্গত, টি ২০ বিশ্বকাপ ২০২৬ থেকে বাদ পড়ে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে ‘অদম্য বাংলাদেশ কাপ’ খেলছে। তাদের দেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি একাধিক টিম এই সিরিজে অংশ নিচ্ছে। এই পরিস্থিতিতে এল বাংলাদেশের ক্রিকেট নিয়ে জামাত আমিরের পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *