Bangladesh Cricket Board। শুনতে হয়েছিল ‘ভারতের দালাল’ মন্তব্যের কটাক্ষ

Spread the love

ভেঙে দেওয়া হল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। আর সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবাল।

বাংলাদেশের এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান, তামিমের অ্যাডহক কমিটির প্রধান হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, আজ রাতেই অ্যাডহক কমিটির প্রথম বৈঠক বসছে। উল্লেখ্য, বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদক্ষেপের জেরে সেদেশ টি২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ে। এদিকে, গত কয়েক দিনে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একের পর এক কর্তারা ইস্তফা দিতে থাকে। বোর্ডের অন্দরে তৈরি হয় চাঞ্চল্য। রিপোর্ট বলছে, শেষমেশ পদক্ষেপ করে সরকার।

এদিকে, আমিনুল এহসান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদী ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতোমধ্যে আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলে দাবি করেন এনএসসি পরিচালক। তিনি জানান, এডহক কমিটির নামও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে। এহসান জানান, বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও পর্যালোচনার প্রেক্ষিতে নির্বাচনে অনিয়ম খুঁজে পেয়েছে যথাযথ কর্তৃপক্ষ। এটি আইসিসিকে জানানো হয়েছে। তিনি আরও বলেন,’ সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ২০১৮ সালের আইন অনুসারে এই কমিটি বিলুপ্ত করে নতুন এডহক কমিটি দিয়েছে।’

এদিকে, তামিমকে ঘিরে কিছু মাস আগেই বাংলাদেশের ক্রিকেট মহলে বড় বিতর্ক তৈরি হয়। কিছুমাস আগে, যখন বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের সদস্য নাজমুল হোসেন তামিমকে ‘ভারতের দালাল’ মন্তব্যে কটাক্ষ করেন। এর আগে, বাংলাদেশ মুস্তাফিজুর ইস্যুতে টি ২০ বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে গড়রাজি ছিল। সেই প্রেক্ষাপটে তামিম বলেছিলেন তখন, ‘আমার মতে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ এবং বাকি সব কিছু মাথায় রেখেই যে কোনও সিদ্ধান্ত নেওয় উচিত। কথাবার্তার মাধ্যমে সমস্যা মেটানো গেলে তার চেয়ে ভাল কিছু হয় না।’ তিনি আরও বলেন, ‘সকলের আগে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে রাখা উচিত। আমাদের বোর্ডের ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।’ তারপরই তাঁকে নাজমুল ‘ভারতের দালাল’ তকমায় কটাক্ষ করেন। এরপর পদ্মা দিয়ে বয়ে গিয়েছে বহু জলরাশি। বাংলাদেশ ক্রিকেটও বহু পর্ব দেখেছে। আপাতত বিসিবির চিফের চেয়ারে সেই তামিম ইকবাল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *