Bengal Rules Changing from 1st September: নয়া মাস থেকে একগুচ্ছ নতুন নিয়ম চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। সাধারণত প্রতি মাসের পয়লা দিন থেকে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক নিয়ম পালটে যায়। কার্যকর হয় পরিবর্তিত বা নতুন নিয়ম। হেরফের হয় এলপিজি গ্যাস সিলিন্ডারের মতো দামের। আর আগামী ১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে একগুচ্ছ নিয়ম পালটে যাচ্ছে। তরুণ প্রজন্মের মুখে যে ‘সিভিক সেন্স’ শব্দবন্ধ প্রচলিত, সেই সংক্রান্ত নিয়মেই আমূল পরিবর্তন আসছে পশ্চিমবঙ্গে। ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা বা থুতু ফেলা, বেআইনি পার্কিং এবং সিঙ্গল-ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
কী কী নিয়ম পালটে যাচ্ছে সেপ্টেম্বর থেকে?
১) রাস্তায় যেখানে সেখানে নোংরা ফেলল বা থুতু ফেললে গুনতে হবে জরিমানা। প্রকাশ্যে থুতু ফেললে ১০০ টাকা জরিমানা দিতে হবে।
২) যত্রতত্র প্রস্রাব করলে জরিমানা দিতে হবে ২০০ টাকা।
৩) সিঙ্গল-ইউজ প্লাস্টিক ব্যবহার করলে জরিমানা গুনতে হবে। পরিবর্তে পরিবেশ-বান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। সেজন্য চালু করা হচ্ছে কটন ব্যাগ এবং বায়োডিগ্রেডেবল ব্যাগের বিকল্প ভেন্ডিং মেশিন।
৪) ইট, বালি, রড, পাথরের মতো বাড়ি তৈরির সামগ্রী রাস্তায় ফেলে রাখলে জরিমানা ধার্য করা হবে। কোনও রেয়াত করা হবে না।
৫) কোনও দোকানের সামনে বর্জ্র বা আবর্জনা জমিয়ে রাখলেই নেওয়া হবে শাস্তিমূলক পদক্ষেপ। জরিমানা গুনতে হবে।
৬) বেআইনি পার্কিংয়ে জরিমানা ধার্য করা হবে।
উচ্চপর্যায়ের বৈঠকে পুরমন্ত্রী
সেইসব নয়া নিয়ম কার্যকর করার বিষয়ে কলকাতা পুরনিগম, হাওড়া পুরনিগম এবং বিধাননগর পুরনিগমের শীর্ষকর্তাদের পাশাপাশি তিনটি সংশ্লিষ্ট পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ১ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়মাবলী এবং বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসনিক প্রস্তুতি কতদূর, তা খতিয়ে দেখতেই এই পর্যালোচনার আয়োজন করা হয়।

পার্কিং নিয়ে কড়া সরকার, আসছে নয়া অ্যাপ
সেইসঙ্গে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতেও প্রশাসন কড়া ভূমিকা নিচ্ছে। মন্ত্রী জানান, উপযুক্ত পার্কিং জোন (Parking Zone) ও নো-পার্কিং জোন (No-Parking Zone) চিহ্নিত করার কাজ দ্রুতগতিতে চলছে। আবার রাস্তায় গাড়ি রাখার জন্য ‘নাইট পার্কিং ফি’ চালু করা হচ্ছে। একইসঙ্গে নিয়ম না মানলে ভারী জরিমানা করা হবে। নাগরিকদের ফুটপাথে মোটরবাইক দাঁড় করানো এবং রাস্তায় বেআইনি পার্কিং করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
চালকদের সুবিধার্থে এবং পার্কিং ব্যবস্থা সুশৃঙ্খল করতে রাজ্য সরকার একটি বিশেষ ‘পার্কিং অ্যাপ’ চালু করতে চলেছে। এই ডিজিটাল অ্যাপের মাধ্যমে গাড়ির চালকরা সহজেই শহরের কোথায় ফাঁকা পার্কিং স্লট রয়েছে তা রিয়েল-টাইমে দেখতে ও বুক করতে পারবেন। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।