BRICS Summit। দিল্লির তাবড় বিলাসী হোটেলের কোনগুলিতে পুতিন! শি-রা থাকছেন?

Spread the love

BRICS Summit: আসন্ন ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা চরম স্তরে নিয়ে যাওয়া হয়েছে। এই সম্মেলনে ব্রিকসের ১১টি সদস্য দেশ এবং ১০টি পার্টনার দেশের পাশাপাশি আরও একাধিক আমন্ত্রিত প্রতিনিধিদলের নেতারা ভারতে আসছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ প্রতিটি রাষ্ট্রনেতার সম্ভাব্য সফরকে সামনে রেখে রাজধানীকে ঢেকে ফেলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তার চাদরে। বিশ্ব নেতাদের হোটেল এবং যাতায়াতের পথগুলোতে মোতায়েন করা হয়েছে কঠোর নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যে দিল্লিজুড়ে ৩০০০-রও বেশি হোটেলের রুম বুক করা হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোনও কোনও বিলাসবহুল হোটেল রুমের এক রাতের ভাড়া ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে।

আইটিসি মৌর্য-তে রুশ প্রেসিডেন্ট

সূত্রের খবর অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থাকছেন দিল্লির বিলাসবহুল পাঁচতারা হোটেল ‘আইটিসি মৌর্য’-তে। সম্মেলন শুরুর মুখে এই হোটেলটিতে চাহিদার পারদ এতটাই চড়েছে যে প্রতি রাতের জন্য রুমের ভাড়া বর্তমানে ছাড়িয়ে গেছে ২ লক্ষ টাকা। পুতিন ছাড়াও ব্রিকসের ১১টি সদস্য দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

তাজ প্যালেসে চিনা প্রেসিডেন্ট

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে এবং তিনি থাকবেন করবেন নয়া দিল্লির ‘তাজ প্যালেস’-এ। শীর্ষ কূটনৈতিক সফরের কারণে হোটেলটির সমস্ত ঘর ইতিমধ্যেই বুক হয়ে গেছে।

চার দেশের প্রতিনিধি নিয়ে সেজেছে ‘দ্য ওবেরয়’

ডক্টর জাকির হুসেন মার্গে অবস্থিত ‘দ্য ওবেরয় নিউ দিল্লি’-তে ব্রিকসের সদস্য ও পার্টনার চারটি দেশের প্রতিনিধিরা রয়েছেন—ব্রাজিল, কাজাখস্তান, ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়া। পাশাপাশি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানেরও এখানে থাকার কথা রয়েছে। রাষ্ট্রনেতাদের আগমনের কারণে হোটেলটিতে বহুস্তরীয় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সাধারণ পর্যটকদের জন্য এই মুহূর্তে সেখানে কোনও খালি জায়গা নেই; হোটেলের অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্ট জানানো হয়েছে যে সমস্ত রুম বুকড।

দ্য তাজমহল হোটেল

বিশ্বের বহু দেশের বিশিষ্ট প্রতিনিধি দল ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আতিথেয়তা দিচ্ছে দিল্লির বিখ্যাত ‘দ্য তাজমহল হোটেল।’ এখানে থাকছেন উরুগুয়ে, ফিলিপিন্স, কিউবা, বেলারুশ ও ভিয়েতনামের প্রতিনিধিরা। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-র ডিরেক্টর জেনারেলরাও এই হোটেলেই উঠছেন। ওবেরয়ের মতো এই হোটেলেরও সমস্ত রুম বুকড।

লে মেরিডিয়ানে রাষ্ট্রসংঘের মহাসচিব

নয়া দিল্লির ‘লে মেরিডিয়ান’ হোটেলে ব্রিকস দেশগুলির বাইরেও আন্তর্জাতিক স্তরের একঝাঁক শীর্ষ ব্যক্তিত্ব রয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ছাড়াও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (AIIB) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (NDB)-এর প্রেসিডেন্টরা রয়েছেন এখানে। এছাড়াও উগান্ডা, নাইজেরিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধি দলও এখানে উপস্থিত রয়েছেন।

অন্যান্য হোটেলগুলির ছবি

কনট প্লেসের নিকটবর্তী ‘দ্য ললিত নিউ দিল্লি’-তে ঠাঁই নিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও বুরুন্ডির প্রতিনিধিরা। অন্যদিকে, অশোকা রোডে অবস্থিত ‘শাংগ্রি-লা ইরোস’ বরাদ্দ করা হয়েছে পশ্চিম এশিয়ার ব্রিকস সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য। সেখানেও সুইটগুলি পুরো বুক হয়ে গেছে এবং সাধারণ রুমের ভাড়া প্রতি রাতে পৌঁছে গেছে প্রায় ৬০,০০০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *