২৫ লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসানের পর আজ ১৫ এপ্রিল প্রকাশিত হল সিবিএসইর দশম শ্রেণির ফলাফল। পাশ করেছেন ৯৩.৭০ শতাংশ পরীক্ষার্থী। ২০২৫ সালে ৯৩.৬৬ শতাংশ ছিল পাশের হার। তার থেকে এই বছর বেড়েছে পাশের হার।এবারের ফলাফলে মেয়েরা ছাপিয়ে গিয়েছে ছেলেদের। ভারতের ও ২৭ দেশের মোট ২৭,৩৩৯ স্কুল মিলিয়ে এদিনের সিবিএসইর ফলাফল প্রকাশিত হয়েছে। এছাড়াও পরিসংখ্যান বলছে, চলতি বছরে, ১.৬৩ কোটি উত্তরপত্রের মূল্যায়ন হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত আয়োজিত হয়েছে সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষা। প্রায় ২৫ লাখ পরীক্ষার্থী তাতে অংশ নেন। কবে এবারেও বোর্ডের তরফে কোনও মেধা তালিকা বা টপার লিস্ট প্রকাশ করা হয়নি। বোর্ড আবারও নিশ্চিত করেছে যে, তারা শিক্ষার্থীদের কোনও র্যাঙ্ক দেবে না বা সেরা ফল করা শিক্ষার্থীদের কোনো তালিকা প্রকাশ করবে না। এছাড়াও, তারা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিভাগ প্রদান করবে না। এর পরিবর্তে, প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষ ০.১ শতাংশ শিক্ষার্থীকে মেধা সার্টিফিকেট দেওয়া হবে। বোর্ড পরীক্ষার দ্বিতীয় পর্বের পর এই সার্টিফিকেটগুলো ডিজি-লকারের মাধ্যমে পাওয়া যাবে।
পারফরম্যান্সের পরিসংখ্যানের দিক থেকে দেখা যাচ্ছে, মেয়েরা আবারও ছেলেদের ছাড়িয়ে গেছে, তাদের পাশের হার ৯৪.৯৯ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৯২.৬ শতাংশ। এদিকে, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, দেশের বিভিন্ন অঞ্চলের প্রেক্ষিতে যদি পারফরম্যান্স দেখা যায়, তাহলে দক্ষিণী রাজ্যগুলি এগিয়ে রয়েছে বলে দেখা যাচ্ছে। ত্রিবন্দম, বিজয়ওয়াড়া, এই দুটি জায়গাতেই পাশের হার ৯৯.৭৯ শতাংশ। এরপরই রয়েছে চেন্নাই ৯৯.৫৮ শতাংশ। প্রসঙ্গত, রিপোর্ট বলছে, এর আগেও, সিবিএসইর পরীক্ষাগুলিতে দেশের নানান জায়গার মধ্যে দক্ষিণের রাজ্যগুলিতে ভালো ফলের ট্রেন্ড দেখা গিয়েছে।
