দীপাবলির আগে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য একটি বড় উপহার দিল। যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাসের ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাক বিভাগের কর্মীদের ৬০ দিনের বেতনের সমান বোনাস দেওয়া হবে। ইতিমধ্যে ভারতীয় রেলের তরফে প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাসের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির আগে রেলের তরফে প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাসের ঘোষণা করা হয়েছিল। এবার ডাক বিভাগের কর্মচারীদের প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাসের ঘোষণা করা হল।
কোন কর্মীরা এই বোনাস পাবেন?
ডাক বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, কারা কারা প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস পাবেন, সেই তালিকা দেখে নিন।
১) স্থায়ী কর্মী: গ্রুপ সি কর্মী, মাল্টি-টাস্কিং স্টাফ এবং নন-গেজেটেড গ্রুপ বি’র কর্মী)।
২) গ্রামীণ ডাক সেবক: যাঁরা নিয়মিতভাবে কর্মরত আছেন।
৩) অস্থায়ী এবং ক্যাজুয়াল কর্মীরা।
৪) যে কর্মচারীরা ২০২৫ সালের ৩১ মার্চের পরে অবসর নিয়েছেন, পদত্যাগ করেছেন বা ডেপুটেশনে চলে গিয়েছেন, তাঁরাও এই প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস পাবেন।

বোনাস কীভাবে গণনা করা হবে?
নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের সমস্ত কর্মীদের জন্য প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। ডাক বিভাগ বোনাস গণনার একটি স্পষ্ট ফর্মুলাও জানিয়েছে। নিয়মিত কর্মীদের জন্য – বোনাস = (গড় বেতন × ৬০ দিন ÷ ৩০.৪) বোনাস গণনার জন্য বেতনের সর্বোচ্চ সীমা প্রতি মাসে ৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রামীণ ডাক সেবকদের জন্য- বোনাস তাঁদের টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স (TRCA) এবং মহার্ঘ ভাতার উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।
অস্থায়ী বা ক্যাজুয়াল কর্মীদের জন্য- তাঁদের ১,২০০ টাকার আনুমানিক বেতনের ভিত্তিতে অ্যাড-হক বোনাস দেওয়া হবে। চাকরি ছেড়ে দেওয়া কর্মীরাও উপকৃত হবেন আদেশে আরও বলা হয়েছে যে যে সমস্ত কর্মীরা ২০২৫ সালের মার্চের পরে অবসর নিয়েছেন, পদত্যাগ করেছেন বা স্থানান্তরিত হয়েছেন, তাঁদেরও প্রো-রাটা (pro-rata) ভিত্তিতে বোনাস দেওয়া হবে।
উল্লেখ্য, অক্টোবরের শুরুতেই সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। একইভাবে তিন শতাংশ ডিয়ারনেস রিলিফ বাড়ানো হয়েছে পেনশনভোগীদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর বাড়িয়ে ৫৮ শতাংশ করা হচ্ছে। যা কার্যকর হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। লাভবান হবেন ৪৯.২ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮.৭ লাখ পেনশনভোগী। সেজন্য প্রতি বছর কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বাড়তি ১০,০৮৪ কোটি টাকা বেরিয়ে যাবে।