রবিবার ভোরে পূর্ব দিল্লির অভিজাত এলাকা বিবেক বিহারে একটি ৪ তলা আবাসিক ভবনে আগুন। এসি বিস্ফোরণের কারণে হঠাৎ ৬টি ফ্ল্যাটে আগুন ধরে যায়। ভোর ৩টে ৪৭ মিনিটে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। ১০টিরও বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছ বলে জানা যায়। এদিকে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আঙ্কা প্রকাশ করা হচ্ছে।
জানা গিয়েছে, এই চারতলা ভবনে মোট ৮টি পরিবার বাস করত। পুলিশ জানিয়েছে, বিবেক বিহার ফেজ ১-এ বাড়ি নম্বর বি১৩-এ আগুন লাগার ঘটনাটি পিসিআরে ফোন করে জানানো হয় থানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে যান এসএইচও এবং এসিপি। দুর্ঘটনার খবর পেয়ে শাহদারা জেলার ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনাও ঘটনাস্থলে পৌঁছে যান। ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থিত ফ্ল্যাটগুলোতে আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে। প্রায় ১০ থেকে ১৫ জনকে সেই বিল্ডিং থেকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসে দমকল। তাদের মধ্যে দু’জন সামান্য আহত হন। চিকিৎসার জন্য নিকটবর্তী গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। এছাড়া ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এই ঘটনায়।
দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভবনের ছয়টি ফ্ল্যাটে আগুন লেগে যায়। বিভিন্ন তলা থেকে ৯টি দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রথম তলা থেকে ১টি মৃতদেহ, দ্বিতীয় তলা থেকে ৫টি মৃতদেহ এবং বন্ধ সিঁড়ি থেকে ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি দিল্লি পুলিশের ক্রাইম টিমের হাতে তুলে দেওয়া হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে। এসিতে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজে বের করতে তদন্তও জারি আছে।
