Chirodine Tumi Je amar। শিরিন-জীতুর ‘কোল্ড ওয়ার’! বন্ধ হচ্ছে চিরদিনই তুমি যে আমার?

Spread the love

ছোটপর্দায় যখন কোনও ধারাবাহিক শেষের মুখে থাকে, তখন সাধারণত চারদিকে বিষণ্ণতার ছোঁয়া লাগে। কিন্তু ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে পরিস্থিতি যেন উল্টো। সেখানে এখন বিষণ্ণতার চেয়েও বেশি তিক্ততা। টলিপাড়ার জোর খবর, কম টিআরপি আর অভিনেতা-অভিনেত্রীদের ঝামেলায় জর্জরিত এই মেগার কাহিনিতে ইতি টানতে চলেছে চ্যানেল। হ্যাঁ, সিরিয়ালের সময় আগেই বদলেছে চ্যানেল। এবার পাকাপাকিভাবে আর্য-অপর্ণার গল্পে দাঁড়ি টানতে চলেছে।

জল্পনার নেপথ্যে কী?

২০২৫ সালের মার্চ মাসে পথচলা শুরু করেছিল এই ধারাবাহিক। সম্প্রতি এক বছর পূর্ণ হয়েছে। এই ১২ মাসে গল্পের গরুকে গাছে তুলতে কম চেষ্টা করেননি নির্মাতারা। এমনকি নায়ক-নায়িকার দ্বন্দ্ব নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখন গল্পের মোড় ঘোরাতে নতুন নায়িকাকে আনা হয়। বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে-কেও এই ধারাবাহিকে এক নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে। তা সত্ত্বেও টিআরপি-র দৌড়ে প্রথম সারিতে জায়গা করে নিতে কার্যত ব্যর্থ হয়েছে এই মেগা। মনে করা হচ্ছে, এই কম টিআরপি-ই ধারাবাহিক বন্ধের জল্পনাকে উস্কে দিয়েছে।

কী বলছেন নায়িকা শিরিন?

ধারাবাহিক বন্ধের গুঞ্জন নিয়ে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল প্রধান মুখ শিরিন পালের সঙ্গে। শিরিন অবশ্য বেশ কৌশলী উত্তর দিয়েছেন। তিনি জানান, ‘আমাকে কলটাইম দেওয়া হয়, আমি শুটিংয়ে আসি আর কাজ শেষ করে বাড়ি চলে যাই। এর বাইরে আমার কাছে আর কোনও তথ্য নেই। বন্ধ হবে কি না, সেই বিষয়ে আমার সত্যিই কোনও ধারণা নেই।’

ধারাবাহিক শেষের কারণ কি নায়ক-নায়িকার তিক্ততা?

ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মতে, যখন প্রধান দুই চরিত্রের মধ্যে অফ-স্ক্রিন রসায়ন তলানিতে ঠেকে, তখন তার প্রভাব পড়ে পর্দার অভিনয়েও। টিআরপি তলানিতে নামার এটাও অন্যতম বড় কারণ। এক বছর আগে ধুমধাম করে শুরু হলেও, মাঝে নায়ক-নায়িকার মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল। জীতুর সঙ্গে কাজ করতে অস্বীকার করে সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া। হালে শিরিনের সঙ্গেও জীতুর সম্পর্কের অবনতি ঘটেছে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্য়ু পরবর্তী সময়ে নিজের ছবিতে মালা পরিয়ে জীতু যে কাণ্ড ঘটিয়েছিলেন তাতে ক্ষুব্ধ হয়ে ফেসবুকে জীতুকে একহাত নেন এই মেগার অপর অভিনেত্রী পায়েল দে। সেই পোস্টে শিরিন লাইক দিতেই বদলে যায় জীতুর সঙ্গে তাঁর সমীকরণ। ফেসবুকে পরস্পরকে আনফ্রেন্ড করে দেন নায়ক-নায়িকা। এবং অন্দরমহলের এই ‘অস্বাস্থ্যকর’ পরিবেশের কারণেই চ্যানেল কর্তৃপক্ষ দ্রুত ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে বলে খবর।দর্শকদের মন ভাঙার পালা?

নতুন প্রোজেক্টের ভিড়ে পুরনো অনেক ধারাবাহিকই এখন জায়গা হারাচ্ছে। ‘চিরদিনই তুমি যে আমার’ কি সত্যিই সেই তালিকায় নাম লেখাবে, নাকি গল্পের নতুন কোনও মোড় একে জীবনদান করবে— সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *