Guess Who। চিনতে পারছেন এই খুদে সুপারম্যানকে? ইনি টলিপাড়ার হার্টথ্রব

Spread the love

ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ল এক খুদে সুপারম্যানের ছবি। মাথায় বড় হ্যাট, গায়ে লাল কেপ আর বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এই পুঁচকেকে চিনতে পারছেন?

সুপারম্যানের কস্টিউমে শৈশবেই কি তবে হিরো হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল? আজকের দিনে ইনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বিশেষ করে একটি ‘মিষ্টি’ ধারাবাহিকের সুবাদে ঘরে ঘরে তিনি এখন পরিচিত ‘উচ্ছেবাবু’ নামে।

হ্যাঁ, ঠিকই ধরেছেন! এই মিষ্টি খুদেটি আর কেউ নন, আমাদের সবার প্রিয় আদৃত রায়। তাঁর এই দুর্লভ শৈশবের ছবি দেখে মজেছেন অনুরাগীরা। আদৃত রায়-এর শৈশবের এই ছবি এখন নেটপাড়ায় সুপার ভাইরাল। যা শেয়ার করে নিয়েছেন তাঁর মা মৌসুমী রায়। ক্যাপশনে লিখেছেন মিনি সুপারম্যান, ম্যাক্সিমাম সোয়্যাগ।

আদৃতের এই শৈশবকাল যেন আজকের জনপ্রিয়তার এক পূর্বাভাস ছিল। বছর কয়েক আগে ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে যে জনপ্রিয়তার জোয়ার এসেছিল, তাতে আজও ভাসছেন তিনি। সিদ্ধার্থ মোদকের সেই গাম্ভীর্য আর মিষ্টি প্রেমের রসায়ন বাঙালির ড্রয়িংরুমে তাঁকে কার্যত ঘরের ছেলে করে তুলেছিল। তবে শুধু ছোটপর্দা নয়, বড় পর্দাতেও আদৃত তাঁর জাত চিনিয়েছেন আগেই।

আদৃতকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল মিত্তির বাড়িতে। বছর ঘোরবার আগেই শেষ হয় এই মেগা। ‘মিঠাই’ শেষ হওয়ার পর তিনি নিজেকে খানিকটা সময় দিয়েছিলেন বড় ক্যানভাসের জন্য। এসভিএফের ‘পাগল প্রেমী’ ছবিতে তাঁর কাজ দর্শক মহলে বেশ চর্চিত হয়েছিল। সেখানে তাঁর চকোলেট বয় ইমেজের বাইরে বেরিয়ে অভিনয়ের এক অন্য ধারা খুঁজে পেয়েছিলেন ভক্তরা। কিন্তু শ্যুটিংয়ের কাজ প্রায় শেষ হলেও এই ছবি আপতত বাক্সবন্দী হয়ে পড়ে রয়েছে। ওদিকে ছোটপর্দায় কবে ফিরবেন আদৃত? সেই প্রশ্নের উত্তর অধরা। আপাতত নিজের ব্যান্ড পোস্টার বয়েজ নিয়েই ব্য়স্ত আদৃত। পাশাপাশি স্ত্রী কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গেও সময় কাটাচ্ছেন তিনি।

সুপারম্যানের সাজে সেই আদুরে আদৃত আর আজকের পোক্ত অভিনেতা আদৃত— মাঝখানের এই দীর্ঘ সফর আদতে কঠোর পরিশ্রমেরই ফল। আপনি কি প্রথম দেখাতেই এই খুদে সুপারম্যানকে চিনতে পেরেছিলেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *