Humayun Kabir on ‘ ₹1000 cr deal’ video: ‘১,০০০ কোটি টাকার ডিলের’ ভিডিয়ো ভুয়ো – দাবি করলেন হুমায়ুন কবীর। তিনি দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে সেই ভিডিয়ো তৈরি করা হয়েছে। যদি ভিডিয়োর সত্যতা প্রমাণ করতে না পারে তৃণমূল, তাহলে ২,০০০ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। যদিও হুমায়ুনের সেই হুংকারের পরে তৃণমূলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। প্রাথমিকভাবে ওই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি ইনিউজ বাংলা) নিয়ে হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ তোলার সময় বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ দাবি করেন, বিভিন্ন সূত্র থেকে তাঁদের হাতে সেই ভিডিয়ো এসেছে।
হুমায়ুন ১,০০০ কোটি টাকার ডিল করেছেন, অভিযোগ তৃণমূলের
এমনিতে আজ কুণালরা দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়দের হারাতে বিজেপির সঙ্গে নাকি ১,০০০ কোটি টাকার ‘ডিল’ করেছেন হুমায়ুন। রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হয়, বিভিন্ন সূত্র থেকে তাদের হাতে একটি ভিডিয়ো (সেই ভিডিয়োর পৃথকভাবে সত্যতা যাচাই করেনি ইনিউজ বাংলা) এসেছে। সেখানেই নাকি বিজেপির সঙ্গে ১,০০০ কোটি টাকার ‘ডিল’-র বিষয়ে কথা বলছেন হুমায়ুন। ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি ইনিউজ বাংলা) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি-শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নামও নাকি হুমায়ুন বলেছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়।ইডিকে অ্যাকশনে নামার বার্তা তৃণমূলের

তৃণমূলের অভিযোগ, হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে যে ‘(মুসলিমদের বোকা) না বানালে, ওদের কাছে চলে যাবে ভোট। ওদের বোকা বানানো খুব সহজ।’ সেইসঙ্গে ১,০০০ কোটি টাকার ‘ডিল’-র অংশ হিসেবে হুমায়ুন অগ্রিম বাবদ ২০০ কোটি টাকা চেয়েছেন। হুমায়ুনকে জেরার দাবিও তোলে তৃণমূল।কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, টাকা লেনদেনের কথা যেহেতু উঠে এসেছে, তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন হাত গুটিয়ে বসে আছে? অবিলম্বে নোটিশ পাঠিয়ে হুমায়ুনকে জেরা করতে হবে। কারা মুসলিমদের আবেগ নিয়ে খেলার চেষ্টা করছেন, তাঁদের নাম সামনে আনতে হবে বলে দাবি করেছেন কুণাল।