বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই কর্মকর্তার নাম নরেন্দ্র বলে জানা যাচ্ছে। তাঁর বয়স ছিল ৩৮ বছর। তিনি ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী নিরাপত্তা কর্মকর্তা (প্রটোকল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা গিয়েছে, তাঁর বাড়ি ভারতের চণ্ডীগড়ে।
সোমবার রাতে চট্টগ্রামের খুলশী থানার অন্তর্গত জাকির হোসেন সড়কে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে সহকারী হাইকমিশনের পক্ষ থেকে খুলশী থানাকে বিষয়টি জানানো হয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। উদ্ধার করা হয় মৃত ভারতীয় কর্মীর মৃতদেহ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বাংলাদেশি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে তাঁদের কাছে একজন কর্মকর্তার মৃত্যুর খবর আসে। এরপর পুলিশ পুরোনো ভিসা সেন্টার অফিসের দ্বিতীয় তলায় ডেটা এন্ট্রি কক্ষে গিয়ে নরেন্দ্রর সুরতহাল সম্পন্ন করে। জানা গিয়েছে, তিনি ওই অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষেই বসবাস করতেন।
পুলিশের প্রাথমিক তদন্তে নরেন্দ্রর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তদন্তকারীদের অনুমান, রাতের কোনও এক সময়ে বাথরুম থেকে ফেরার পর আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এই আবহে ঘনাচ্ছে রহস্য। এরপরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। ঘটনাটি ঘিরে কূটনৈতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।
