Jeetu-Suvendu। ‘ধন্যবাদ শুভেন্দু অধিকারী…’, মুখ্যমন্ত্রীকে মেসেজের ২০ মিনিটেই উত্তর

Spread the love

টলিপাড়ার অন্যতম মাইলস্টোন ছবি, অনীক দত্তের ‘অপরাজিত’ (Aparajito)। অথচ এই ছবি মুক্তির আলো দেখেনি সরকার পরিচালিত সিনেমাহল নন্দনে। বামপন্থী পরিচালক অনীক দত্তর সঙ্গে মমতা সরকারের ঝামেলার খেসারত দিতে হয়েছিল অপরাজিত-র টিমকে। তবু মাথানত করেননি অনীক দত্ত।সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনী নিয়ে তৈরি এই ছবির নন্দনে শো না পাওয়া নিয়ে কম রাজনৈতিক তরজা হয়নি। ২০২২ সালে যখন এই ছবি মুক্তি পায়, তখন নন্দনে ঠাঁই পায়নি। পরবর্তীতে একবার একটি ফিল্ম ফেস্টিভ্য়ালের সুবাদে নন্দনে দু-দিনের জন্য প্রদর্শিত হয়েছিল অপরাজিত। ব্যাস, ওই টুকুই। তবে ২০২৬ সালের জুনে এসে টলিপাড়ার সমীকরণ এক্কেবারে বদলে গিয়েছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর, দর্শকদের দাবি মেনে নন্দন প্রেক্ষাগৃহে আবারও রি-রিলিজ হতে চলেছে এই ছবি। অনীক দত্তের মৃত্যুর পর বিজেপি সরকার জানিয়েছিল, পরিচালককে শ্রদ্ধা জানাতে নন্দনে ফিরবে তাঁর ছবি। সেইমতোই ৫ই জুন মুক্তি পাবে অপরাজিত। এই খবর সামনে আসতেই আবেগঘন হয়ে পড়লেন পর্দার ‘সত্যজিৎ রায়’ ওরফে অভিনেতা জীতু কামাল।

নন্দন বিতর্ক অতীত, নতুন জমানায় সুবিচার পেল অনীকের ছবি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটতেই যেন সব জট কেটে গেল। নবান্নে নতুন মুখ্যমন্ত্রী বসার পরই ‘অপরাজিত’ ছবিটিকে সসম্মানে নন্দনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা টলিউডের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এক বিরাট জয় বলে মনে করা হচ্ছে। ৫ থেকে ৭ই জুন নন্দনে দেখানো হবে অপরাজিত।

‘মুখ্যমন্ত্রী ও শুভেন্দুবাবুকে ধন্যবাদ’, অকপট জীতু কামাল

নন্দনে ছবিটির পুনঃমুক্তির খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা জীতু কামাল। সত্যজিৎ রায়ের আদলে তৈরি চরিত্রে অভিনয় করে যিনি রাতারাতি আপামর বাঙালির মন জয় করে নিয়েছিলেন, সেই জীতু এই সিদ্ধান্তের জন্য রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

অভিনেতা বলেন, ‘আমি নিজে শুভেন্দুবাবুকে মেসেজ করেছিলাম। মাত্র কুড়ি মিনিটের মধ্যেই উত্তর পেয়েছি। এই ফেরাটা আমার কাছে অত্যাশ্চর্য ব্যাপার! প্রযোজনা সংস্থার পাশাপাশি আমি নিজেও মেইল করেছিলাম। অনীকদা যেদিন চলে গেলেন, তার পরের দিনই বৃহস্পতিবার আমি মেসেজ করি মুখ্যমন্ত্রীকে। উনি তার কিছুক্ষণের মধ্যেই আমাকে জানান যে, প্রযোজক এবং পরিচালকের পরিবার যদি রাজি থাকেন, তাহলে অবশ্যই ‘অপরাজিত’কে ফেরানো যেতে পারে। সেই প্রেক্ষিতে সোমবার আমি ফের একবার খোঁজ নিই। আর চব্বিশ ঘণ্টা পেরতে না পেরতেই আজ জানানো হল ‘অপরাজিত’ ফিরছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *