Kanchan Daughter। গদাইয়ের ষষ্ঠীপুজোয় উলু দিল ‘দিদি’ কৃষভি! নতুন জামা পরে আর কী কী করল কাঞ্চন-কন্যা?

Spread the love

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সংসারে এখন শুধুই আনন্দের জোয়ার! মেয়ে কৃষভির বয়স সবে ১৯ মাস। এর মধ্যেই গত ২৫শে জুলাই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। গুরু পূর্ণিমার বিশেষ দিনে হাসপাতাল থেকে ছেলে ‘গদাই’-কে নিয়ে বাড়ি ফিরেছিলেন তারকা দম্পতি। আর এবার ঘরেই ধুমধাম করে আয়োজন করা হয়েছিল খুদের ষষ্ঠীপুজো। নিয়ম মতো ছেলেক জন্মের ৬ দিনের মাথায় মা ষষ্ঠীর পুজো দিলেন কাঞ্চন-শ্রীময়ী। তবে ভাইয়ের পুজোর মূল আকর্ষণের কেন্দ্রে কিন্তু পুচকে ‘বড় দিদি’ কৃষভিই!

নতুন জামা, উলুধ্বনি আর কাঁসার থালা!

ভাইয়ের ষষ্ঠীপুজোয় নতুন সাজে সেজে আহ্লাদে আটখানা ১৯ মাসের কৃষভি। শ্রীময়ীর শেয়ার করা মিষ্টি এক ভিডিওতে ধরা পড়েছে ওঁর চঞ্চলতা ও আনন্দের মুহূর্তগুলো।

ছোট হলেও ভাইয়ের পুজোয় কোনো ফাঁকি দেয়নি কৃষভি! পিপি (পিসি)-র দেওয়া নতুন জামা পরে নিজে মুখ দিয়ে সুন্দর করে উলু দিয়েছে, আবার কাঁসার থালা বাজিয়ে পুজোর আমেজ জমিয়ে তুলেছে সে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে পুজো চলাকালীনই বাবা কাঞ্চন মল্লিক ও মা শ্রীময়ীকে সস্নেহে আদরে ভরিয়ে দিতে দেখা গেছে এই খুদেকে।

ছেলের মুখ কবে দেখাবেন কাঞ্চন-শ্রীময়ী?

কৃষভি জন্মগ্রহণ করার পরও কিছুদিন ওঁর মুখ গোপন রেখেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। অন্নপ্রাশনের শুভ দিনেই প্রথমবার মেয়েকে জনসমক্ষে এনেছিলেন তাঁরা।

ছেলে গদাইয়ের ক্ষেত্রেও সেই একই পথ অনুসরণ করছেন তারকা দম্পতি। এখনও পর্যন্ত ওঁর মুখ সোশাল মিডিয়ায় দেখাননি শ্রীময়ী। ধারণা করা হচ্ছে, কৃষভির মতোই বড় অনুষ্ঠান অর্থাৎ অন্নপ্রাশনের দিনই হয়তো খুদের মুখ দেখার সুযোগ পাবেন অনুরাগী ও নেটিজেনরা।

ছেলে হওয়ার সুখবর জানিয়েছে যৌথ বিবৃতিতে দম্পতি জানিয়েছিলেন- ‘আজ আমাদের হৃদয় এবং আমাদের বাড়ি আরও একটু ভালোবাসায় ভরে উঠল। কৃষভির ছোট ভাই ‘কৃষিভ’ আজ আমাদের মাঝে এসেছে, আর আমাদের ছোট্ট পরিবার ৩ থেকে ৪ জনে পরিণত হলো। আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একসাথে সুন্দর একটি নতুন অধ্যায় শুরু করার অপেক্ষা আর সইছে না। পরিবারে তোমাকে স্বাগতম, কৃষিভ!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *