বৃহত্তর কলকাতাকে চেনাই যাবে না! রিং রোড, এলিভেটেড করিডোর-সহ ‘ভিশন ২০৪৭’-র নকশা

Spread the love

Greater Kolkata Ingrastructure Plan: কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের রূপরেখা পালটে দিতে মেগা প্ল্যান তৈরি করবে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ২০ বছরে বৃহত্তর কলকাতাকে এক আধুনিক, গতিশীল এবং বিশ্বমানের মেট্রোপলিটন অঞ্চলে উন্নীত করার লক্ষ্যে তৈরি করা হচ্ছে ‘ভিশন-২০৪৭’। সূত্রের খবর, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) তত্ত্বাবধানে এই মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। এই মেগা পরিকল্পনার মূল উদ্দেশ্য হল পরবর্তী ২০ বছরে নগর সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ এবং একটি অত্যন্ত সুসংগঠিত পরিকাঠামোগত কাঠামো তৈরি করা।

বৃহত্তর কলকাতার মধ্যে কোন কোন জেলা?

আর বৃহত্তর কলকাতা বলতে কলকাতা পুরনিগম এলাকা, নিউ টাউন, হাওড়ার একাংশ, উত্তর ২৪ পরগনার একাংশ, দক্ষিণ ২৪ পরগনার একাংশ, নদিয়ার একাংশ, হুগলির একাংশকে ধরে পরিকল্পনা করা হবে বলে সূত্রের খবর। ওই মহলের তরফে দাবি করা হয়েছে, ওই বিস্তীর্ণ অঞ্চলকে বৃহত্তর কলকাতা হিসেবে বিবেচনা করেই ভিশন ২০৪৭-র খসড়া তৈরি করা হবে।

মূল আকর্ষণ: ‘কলকাতা মেট্রোপলিটন রিং রোড’

এই ‘ভিশন-২০৪৭’ পরিকল্পনার অন্যতম প্রধান ভিত্তি হল কলকাতার যানজট সমস্যার স্থায়ী সমাধান করা। বর্তমান সময়ে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং অন্যান্য রাজ্য থেকে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ভারী যানবাহন ও দূরপাল্লার গাড়ি কলকাতার মূল শহরের ভিতরের রাস্তা ব্যবহার করে যাতায়াত করে। এর ফলে শহরের প্রধান সড়কগুলিতে মারাত্মক যানজট তৈরি হয়।

এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কেএমডিএ কলকাতা মেট্রোপলিটন রিং রোড নির্মাণের বিষয়ে ভাবনাচিন্তা করছে। এই রিং রোড তৈরি হলে মূল শহরে প্রবেশ না করেই কলকাতার বাইপাস ধরে গন্তব্যে পৌঁছাতে পারবে বহু গাড়ি। তার ফলে মূল শহরে যেমন যানজট কমবে, তেমনই দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন মানুষ।

এলিভেটেড আর্বান করিডর

এছাড়াও শহরের প্রধান গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকাগুলিকে দ্রুত যুক্ত করার জন্য একাধিক ‘এলিভেটেড আর্বান করিডর’ গড়ে তোলার পরিকল্পনা আছে। এতে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং জ্বালানির অপচয় ও দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *