KMC TMC Councilor Arrested। এবার গ্রেফতার কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

Spread the love

KMC TMC Councilor Arrested: কলকাতায় ফের এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হলেন। এবার পুলিশের জালে ধরা পড়েছেন কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা এবং জোর করে টাকা আদায়ের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।

রিপোর্ট অনুযায়ী, গত ২০২৫ সালে বড়বাজার থানায় মহেশ কুমার শর্মার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগে প্রতারণা এবং জবরদস্তি করে অর্থ আদায়ের বিষয়টি উল্লেখ করা হয়। পরবর্তীতে সরকারের পরিবর্তনের পর ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়। তদন্তে অগ্রগতি হওয়ার পর বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ধৃত কাউন্সিলরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। আদালত এ বিষয়ে কী নির্দেশ দেয়, সেদিকেই এখন নজর রয়েছে। অভিযোগগুলির সত্যতা যাচাই করতে এবং ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কি না, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। একইভাবে প্রোমোটার ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকেও গ্রেফতার করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মাও পুলিশের হাতে ধরা পড়লেন।

একই দিনে তৃণমূলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকেও পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি ফ্ল্যাট দখল করে থাকার অভিযোগের পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। সব মিলিয়ে, কলকাতায় তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চলমান অভিযানের আবহে ছিন্নভিন্ন তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *