Koel-Kabir। মিতিন মাসিতে মারকাটারি অ্যাকশন মাম্মা কোয়েলের

Spread the love

বড় পর্দায় ফের মিতিন মাসির ধামাকা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। বড়দিনের ছুটিতেই মুক্তি পাচ্ছে ‘মিতিন একটি খুনির সন্ধানে’। যেখানে বেশ অ্য়াকশন মুডে দেখা যাবে কোয়েলকে। কিন্তু মায়ের পর্দায় এই মারপিট করার দৃশ্য কী দেখল নায়িকার ছেলে? মাম্মাকে অ্যাকশন মুডে দেখে কী প্রতিক্রিয়া কবীরের?

২০২০ সালের মে মাসে জন্ম কবীরের। অর্থাৎ তাঁর বয়স এখন সাড়ে ৫ বছরের আশেপাশে। ২০২৪ সালে সালে যদিও দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল, এবার তাঁর কোলে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান কাব্যা। এই ডিসেম্বর মাসে ১ বছর পূর্ণ হবে কোয়েল-কন্যার। মেয়ের এখনও মায়ের সিনেমা দেখার বা বোঝার ক্ষমতা হয়নি। কিন্তু মাকে সিনেমায় মারপিট করতে দেখে কী বলে কবীর?সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেন কোয়েল। তাঁকে বলতে শোনা যায়, ‘আমাকে একটা অ্যাকশন দৃশ্য পাঠানো হয়েছিল, আমি ফোনে দেখছি। কবীর পাশ থেকে মারামারির আওয়াজ পেয়ে বলছে, ‘মাম্মা কী দেখছ?’ আমি বলছি, ‘কিছু না এটা বড়দের জিনিস, তোমায় দেখতে হবে না।’ এবার একটা জায়গা একটু উঁকি মেরে দেখে বলছে, ‘এটা তো তুমি’। আমি বললাম ‘হ্যাঁ’। তখন বলছে, ‘মাম্মা তুমি কী করছ, অ্যাকশন করছ?’ আমি তখন ওকে বলি, ‘হ্যাঁ আমি অ্য়াকশন করছি, দুষ্টু লোকেদের মারছি। তবে এটা কিন্তু সিনেমা’।’

কোয়েল আরও বলেন, ‘আসলে আমি ওকে সবসময় বলি, কখনো হাত পা ছুড়বে না। কখনো হাত চালাবে না। আর মা-ই যদি এরকমটা করে, তাহলে কী করে হবে। তাই আমি স্পেশালি ওকে এক্সট্রা করে বলতে হয়, এগুলো কিন্তু অ্যাক্টিং, এগুলো এমনি সত্যি নয়। এমনি বন্ধু আমরা।’প্রয়াত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের সমসাময়িক গল্প অবলম্বনে সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত হয়েছে মিতিন মাসি সিরিজের তৃতীয় সিনেমা। আগের দুই ছবির টানটান থ্রিল রয়েছে এবারেই। সঙ্গে আবার জমজমাট অ্য়াকশন। আর সেই শ্যুট করতে গিয়ে চোটও পান কোয়েল। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। সঙ্গে মুখোমুখি টক্কর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ আর ‘প্রজাপতি ২’-র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *