কলকাতা-লন্ডন রুটে বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো এয়ারলাইন্স। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে এই পরিষেবা। অবশ্য সরাসরি কলকাতা থেকে লন্ডন যাবে না এই উড়ান। মাঝে থাকবে একটি স্টপ। মুম্বই হয়ে বিমানটি যাবে লন্ডনে। পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু করতে চলেছে ইন্ডিগো। এদিকে প্রাথমিক ভাবে কলকাতা-লন্ডন রুটে ইকোনমিক ক্লাসের জন্য রিটার্ন টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ১৪৫ টাকা। এদিকে স্ট্রেচ আসনে রিটার্ন টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৯১ হাজার টাকা।
এদিকে ইন্ডিগো জানিয়েছে, কলকাতা থেকে লন্ডনের যাত্রীদের ৬ই৬২৯৭ উড়ানে করে কলকাতা থেকে মুম্বই নিয়ে যাওয়া হবে। সেই উড়ানটি কলকাতা থেকে সকাল সাড়ে ৯টায় ছাড়বে। মুম্বইতে গিয়ে সেই উড়ান পৌঁছবে দুপুর ১২টা ৩০ মিনিটে। এরপর যাত্রীদের মুম্বই থেকে লন্ডনগামী ৬ই১ উড়ানে ওঠানো হবে। সেই উড়ান ছাড়বে দুপুর ২টো ৪৫ মিনিটে। এদিকে সেদিনই লন্ডন থেকেও কলকাতার যাত্রীরা আসতে পারবেন। ২৬ অক্টোবর মুম্বইগামী ৬ই২ উড়ান লন্ডন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। তা পরদিন সকাল ১১টা ৪৫ মিনিটে মুম্বই এসে পৌঁছবে। তারপর দুপুর ৩টের সময় মুম্বই থেকে ৬ই৬৫৫৪ উড়ানে করে যাত্রীদের কলকাতায় নিয়ে আসা হবে। কলকাতায় উড়ানটি অবতরণ কবে বিকেল ৫টা ৪০ মিনিটে।
এর আগে একটা সময় অবশ্য কলকাতা থেকে লন্ডন এবং ইউরোপে অন্যত্র সরাসরি উড়ান ছিল। ২০০৯ সালের মার্চ থেকে কলকাতা-লন্ডন উড়ান বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজ। আর ২০০৮ সালের অক্টোবরেই কলকাতা-লন্ডন বিমান বন্ধ করে দিয়েছিল এয়ার ইন্ডিয়া। এদিকে জার্মানির ফ্রাঙ্কফুট থেকে কলকাতার মধ্যে বিমান চালাত লুফথানসা। কিন্তু ২০১২ সালে সেই পরিষেবা বন্ধ করে দিয়েছিল জার্মান উড়ান সংস্থা।

এদিকে ভারত ও চিনের মধ্যে পাঁচ বছর পরে সরাসরি বিমান পরিষেবা আবার শুরু হতে চলেছে। ইন্ডিগোর তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা ও গুয়াংঝুর মধ্যে বিমান চালুর পরিকল্পনা আছে। আসলে একটা সময় ভারত এবং চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা ছিল। কিন্তু কোভিড মহামারীর জন্য তা বন্ধ হয়ে গিয়েছিল। তারইমধ্যে লাদাখ সীমান্তে সংঘাতের জেরে ভারত-চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছিল। তারপরে কোভিড পরবর্তী সময়ে আর নতুন করে চিনের সঙ্গে কলকাতা বা ভারতের বিমান পরিষেবা চালু হয়নি।