Mamata’s jail challenge: দুর্গাপুর থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর পশ্চিমের চতুরঙ্গ ময়দানের জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ‘সারা বিশ্ব এখন বিজেপি নেতাদের চরিত্র জেনে গিয়েছে। যদি গায়ের জোরে ভোট জিততে চান, তবে আমায় জেলে পাঠান- আমি জেল থেকেই আরও বেশি ভোট পাব। নয়তো আমায় গুলি করুন। আপনারা নারী-বিরোধী। আপনারা সংবাদমাধ্যমকে কিনে নিয়েছেন এবং তারাই আপনাদের হয়ে প্রচার চালাচ্ছে। সংবাদমাধ্যমে দেখানো সার্ভেগুলো বিজেপি নিজেই তৈরি করে এবং সেগুলো দেখানোর জন্য ভয় দেখানো হয়। আপনারা কারও কাছ থেকে বিচার পাবেন না, আমি ছাড়া সবাই বিক্রি হয়ে গিয়েছে। দিল্লির শক্তিদের মনে রাখা উচিত, যদি তারা অত্যাচার করে, তবে আমাদের মা-বোনেদের কাছে আগে জবাব দিতে হবে। এটা বিহার বা উত্তরপ্রদেশ নয় যে আপনারা বুলডোজার চালাবেন বা এনকাউন্টার করবেন। এটা বাংলা।’
‘আমি কখনও বাংলাকে ছেড়ে যাইনি’, আস্থা মমতার
সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি লড়াই করতে ভয় পাই না। আমাদের উপর অনেক আক্রমণ হয়েছে এবং সবকিছুই একতরফাভাবে করা হচ্ছে। তা সত্ত্বেও আমি রাজ্যের প্রতিটি কোণায় যাচ্ছি, মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা করছি। মনে রাখবেন, আমি বছরের ৩৬৫ দিনই আপনাদের সঙ্গে থাকি। আমার ব্যক্তিগত কোনও লাভ নেই, আমি কখনও বাংলাকে ছেড়ে যাইনি আর ভবিষ্যতেও যাব না।’
‘মোটা ভাই ভাবছেন ভয় দেখিয়ে ভোট জিতবেন’, হুংকার মমতার
সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, ‘মোটা ভাই ভাবছেন ভয় দেখিয়ে ভোট জিতবেন। আগে দিল্লির গদি বাঁচান। বাংলাকে টার্গেট করলে বাংলা গণতান্ত্রিকভাবে বদলা নেবে। যারা একতরফা ভোট করতে চাইছে, তারা মনে রাখুন ধনখড়ের কী হয়েছিল। অজিত পাওয়ারের কী হয়েছিল মনে করুন। আমাকে আক্রমণ করলে আমি ছাড়ব না। মনে রাখবেন, আহত বাঘ আরও বেশি বিপজ্জনক। আমাদের মাছ, মাংস আর ডিম খাওয়া বন্ধ করার চেষ্টা করলে আমরা সহ্য করব না।’

‘বাংলাকে দখল করতে দেব না’, হুংকার মমতার
সেইসঙ্গে ভোটারদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘খুব সতর্ক থাকুন। ট্রেনে করে বাইরে থেকে লোক আনা হবে ভোট লুঠ করার জন্য। কেন্দ্রীয় বাহিনী আপনাদের ভয় দেখানোর চেষ্টা করতে পারে। কেউ ভয় দেখালে এফআইআর করুন। ভোটের পর কাউকে রেহাই দেওয়া হবে না। আমরা জোর করে বাংলাকে দখল করতে দেব না। সুপ্রিম কোর্টও একসময় ইডি-সিবিআইকে কেন্দ্রের পুতুল বলেছিল।’