Murshidabad Attack News: মহিলাদের চুল কাটা! এলোপাথাড়ি কোপানো! মধ্যরাতে বাড়িতে চড়াও দুষ্কৃতীরা

Spread the love

Murshidabad Attack News: মহিলাকে উত্যক্ত করার প্রতিবাদ করায় রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকী শ্লীলতাহানির পর মহিলাদের চুলও কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। রবিবার গভীর রাতে এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ঘনেশ্যামপুর গ্রামে। গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিন মহিলা-সহ একই পরিবারের ছয় সদস্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই পরিবারের এক মহিলাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন প্রতিবেশী এক যুবক। মাস খানেক আগে এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ ও হাতাহাতি হয়। উভয় পক্ষই থানায় অভিযোগ জানায়। সম্প্রতি পুলিশি নোটিস বাড়িতে পৌঁছতেই ক্ষোভ আরও বাড়ে। রবিবার বিকালে আক্রান্ত পরিবারটি ফের থানায় অভিযোগ দায়ের করলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। অভিযোগ, রবিবার রাত ১২টা নাগাদ যখন পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন, তখন অভিযুক্তরা তার দলবল নিয়ে হাঁসুয়া ও অন্যান্য ধারাল অস্ত্র নিয়ে ওই মহিলার বাড়িতে চড়াও হয়। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। মহিলাদের চুল কেটে নেওয়া হয়।

রাতেই রক্তাক্ত অবস্থায় আক্রান্তদের প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এখন তাঁদের চিকিৎসা করা হচ্ছে। অন্যদিকে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। গ্রামজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সোমবার জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। ধৃতদের জেরা করা হবে বলে জানানো হয়েছে। আসল ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে, গ্রামবাসীরা এই ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *