New Garia to Salt Lake Sector V Metro। দেড় ঘণ্টার রাস্তা যেতে লাগবে ৩৫ মিনিট- ২০২৬-র মধ্যে কলকাতার এই রুটে চলবে মেট্রো

Spread the love

New Garia to Salt Lake Sector V Metro: যে রাস্তাটা যেতে দেড় ঘণ্টা লাগে, সেটাই অতিক্রম করা যাবে মেরেকেটে ৩৫ মিনিটে – সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মধ্যেই সেই স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে। কারণ চলতি বছরের মধ্যেই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মেট্রো রেলওয়েলর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই যাতে অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবাকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এগিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে।

চিংড়িঘাটার মিসিং লিঙ্কের কাজ প্রায় শেষ

আর সেই লক্ষ্যপূরণের জন্য মেট্রো কর্তৃপক্ষের খুব বেশি কাজও বাকি নেই। গত মে’তে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে চিংড়িঘাটা ক্রসিংয়ে যে ৩৬৬ মিটারের ‘মিসিং লিঙ্ক’ ছিল, সেটার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। ইতিমধ্যে ৩৩৫ মিটারের শূন্যস্থান পূরণ করে ফেলেছে অরেঞ্জ লাইন মেট্রোর দায়িত্ব এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)।

 

নয়া ৩ স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে

অর্থাৎ যে ৩১ মিটার ‘মিসিং লিঙ্ক’ জোড়া বাকি আছে, সেটা সম্পূর্ণ হলেই বেলেঘাটা ছাড়িয়ে নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত জুড়ে যাবে অরেঞ্জ লাইন। আপাতত অরেঞ্জ লাইনের মেট্রো চালু আছে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। ইতিমধ্যে সল্টলেক সেক্টর ফাইভ (আইটি সেন্টার), নলবন এবং গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন তৈরি হয়ে গিয়েছে। ফলে শেষপর্যায়ের কাজ, কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) পরিদর্শনের পরে ২০২৬ সালের মধ্যেই নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার আশা করা হচ্ছে।

জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রোও এগিয়ে যাচ্ছে

তারইমধ্যে কলকাতা মেট্রোর পার্পল লাইনেরও কাজ চলছে জোরকদমে। প্রাথমিকভাবে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ছিল ওই মেট্রো লাইনের বিস্তৃতি। পরবর্তীতে ওই লাইন সম্প্রসারিত হয়েছে। আর নয়া পরিকল্পনা অনুযায়ী, আইআইএম জোকা থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত ছুটবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৯ সালের মধ্যেই জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *