কাতারের রাজধানী দোহায় মিলল সমাধানসূত্র। অবিলম্বে সংঘর্ষবিরতিতে রাজি হল আফগানিস্তান এবং পাকিস্তান। কাতারের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘দু’পক্ষই অবিলম্বে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। সেইসঙ্গে দু’দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে, সেটার জন্য অবিলম্বে একটি নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করতে হবে।’ তবে কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে আপাতত বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। গভীর রাতে (ভারতীয় সময় অনুযায়ী) কাতারের বিদেশ মন্ত্রকের সংক্ষিপ্ত বিবৃতিতে শুধুমাত্র জানানো হয়েছে, যাতে সংঘর্ষবিরতি চুক্তি স্থায়ী হয়, তা নিশ্চিত করার জন্য আগামিদিনে আবারও আলোচনার টেবিলে বসবে আফগানিস্তান এবং পাকিস্তান। যে বৈঠক আগামী সপ্তাহেই হতে পারে।
ক্ষোভে ফুঁসছিল আফগানিস্তান, পাকিস্তান ছিল নিশানায়
আর সেই সংঘর্ষবিরতি চুক্তিতে রাজি হওয়ার কয়েক ঘণ্টা আগেই আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে এয়ার স্ট্রাইক চালিয়েছিল পাকিস্তান। শুক্রবারের সেই হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটার-সহ ১০ জনের মৃত্যু হয়। তার জেরে রীতিমতো ক্ষোভে ফুঁসতে থাকে আফগানিস্তান। রশিদ খান, মহম্মদ নবির মতো আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা সুর চড়ান পাকিস্তানের বিরুদ্ধে। আগামী মাসে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে যে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল, সেখান থেকেও নাম তুলে নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সার্বিকভাবে কড়া হুঁশিয়ারির মুখে পড়তে থাকে ইসলামাবাদ।
আফগানিস্তানের মন্ত্রী মহম্মদ নবি ওমরি তো কড়া ভাষায় পাকিস্তানি সেনার নিন্দা করেন। আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলে নিউজকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, মহম্মদ বলেন যে ‘নিজেদের ইচ্ছা বা সিদ্ধান্তে এরকম আক্রমণ চালায়নি ওরা। বরং অন্যদের দ্বারা প্ররোচিত হয়েছে।’

শেহবাজের ‘চাটুকারিতা’ নিয়ে তোপ আফগানিস্তানের
সেই রেশ ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চাটুকারিতা’ শুরু করেছেন, তা নিয়েও আক্রমণ করেন আফগানিস্তানের মন্ত্রী। সম্প্রতি যেভাবে ট্রাম্পের হয়ে গলা ফাটাচ্ছেন, তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দিকে বাছা-বাছা মন্তব্য ছুটে এসেছে। আফগানিস্তানের মন্ত্রী বলেন, ‘আমরা লজ্জিত। (শেহবাজ শরিফ) মুসলিম না হলে ভালো হতেন।’
আগামী বৈঠক তুরস্কে হবে?
সেই আবহেই কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় আলোচনায় বসে আফগানিস্তান এবং পাকিস্তান। সেই বৈঠকে সংঘর্ষবিরতিতে রাজি হওয়ার সঙ্গে-সঙ্গে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ওই মহলের তরফে দাবি করা হয়েছে, আগামী সপ্তাহে ফের বৈঠকে বসবে আফগানিস্তান এবং পাকিস্তান। আগামী ২৫ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে বৈঠক হওয়ার কথা আছে।