Pakistan-Bangladesh। ‘যদি বাংলাদেশে ভারত নজর দেয়…পাকিস্তানি মিসাইল খুব দূরে নয়!’

Spread the love

সদ্য ওসমান হাদির মৃত্যু ঘিরে বাংলাদেশের নানান জায়গায় উত্তাল পরিস্থিতি দেখা যায়। তারই মাঝে ওপার বাংলার বহু এলাকায় ভারত বিদ্বেষী স্লোগানও শোনা যায়। এরই মাঝে এবার ইউনুসের বাংলাদেশের সঙ্গে সদ্য সখ্যতা তৈরি হওয়া পাকিস্তান থেকে এল ‘ঢাকা-দরদী’ বার্তা! এককালে যে দেশ পাকিস্তানের হাত থেকে মুক্তির জন্য লড়েছিল ‘মুক্তিযুদ্ধ’, সেই বাংলাদেশকে সমর্থন করে এল পাকিস্তানের শরিফ ভাইদের পার্টির যুব উইং পিএমএল-র এক নেতার বার্তা।

পাকিস্তানের পিএমএল নেতা কামরান উসমান সইদ বলছেন,’ যদি ভারত বাংলাদেশের স্বায়ত্তশাসনের উপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, তাহলে মনে রাখবেন পাকিস্তানের জনগণ, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয়।’ তাঁর হুমকির বার্তা এখানেই শেষ নয়। উসমানি বলছেন, ‘অখণ্ড ভারত নীতি’ যদি বাংলাদেশের ওপর চালাতে চায় ভারত, তাহলে তা পাকিস্তান সহ্য করবেনা। এক ভিডিয়ো বার্তায় তিনি বলছেন, বাংলাদেশকে ভারত ‘খারাপ নজরে’ দেখলেই পাকিস্তান পাল্টা জবাব দেবে।

কার্গিল যুদ্ধ, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, অপারেশন সিঁদুরের পর, এই পাকিস্তানি নেতার দাবি, পাকিস্তান নাকি আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছ, আর প্রয়োজনে আবারও ফেলবে! এছাড়াও চারিদিক থেকে ভারতকে ঘিরে ফেলে হামলার ছক নিয়েও এই পাকিস্তানি নেতা বড় বার্তা দিয়েছে। আক্রমণ নিয়ে উসমানির কৌশলগত ‘পরামর্শ’, ভারতকে পাকিস্তান পশ্চিম দিক থেকে আক্রমণ করবে, বাংলাদেশ পূর্ব দিক থেকে আক্রমণ করবে, আর চিন অরুণাচল প্রদেশ এবং লাদাখের উপর নজর দিয়ে রাখবে। জোর গলায় এই পাক নেতা বলছেন,’আমাদের প্রস্তাব হল পাকিস্তান এবং বাংলাদেশের একটি সামরিক জোট গঠন করা উচিত – পাকিস্তানের বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত, এবং বাংলাদেশের পাকিস্তানে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত।’ তাঁর বার্তা এখানেই থামেনি! উসমানি বলছেন,তাঁর পূর্ব উল্লিখিত ব্যবস্থাপনা কৌশলগত নিয়ন্ত্রণ জোরদার করবে। এছাড়াও চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বাংলাদেশের বন্দরের সাথে সংযুক্ত করার পক্ষেও তিনি সওয়াল করেন। তাঁর দাবি, পাকিস্তান ও বাংলাদেশের অংশীদারিত্ব একটি আঞ্চলিক বিকল্প শক্তি হিসাবে উঠে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *