এবার আইনি বিপাকে জড়িয়ে গেলেন অভিনেত্রী তথা তৃণমূল সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana Banerjee)। মঙ্গলবার চারু মার্কেট থানায় অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কোন অপরাধের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হল?
জানা গিয়েছে, ২০২৪ সালের অগস্ট মাসে আরজিকর কাণ্ডের পর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিয়োর পরিপ্রেক্ষিতেই নাকি জনৈক আইনজীবী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন থানায়।
কী করেছেন রচনা?
অভিযোগকারী আইনজীবী অভিযোগ করেছেন, আরজিকর কান্ডের পর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন রচনা, যেখানে বারবার নির্যাতিতা তরুণীর নাম উল্লেখ করেছিলেন তিনি। ভিডিয়োটি ভাইরাল হয় ব্যাপকভাবে।
এই ঘটনার পরেই ২০২৪ সালে রচনার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন ওই আইনজীবী কিন্তু সেই সময় কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

ওই আইনজীবীর কথা অনুযায়ী, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কিন্তু অভিযোগ দায়ের করার পরেও তাতে কর্ণপাত করা হয়নি।
রাজ্যের ক্ষমতার পালাবদলের পর তাই ওই আইনজীবী আরও একবার চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি চান, অভিনেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক। যদিও এই গোটা ঘটনায় রচনার তরফ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি।