সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। একাধিক জেলায় ঝড়ের বেগ ৪০-৫০ কিমির গণ্ডি ছুঁয়ে ফেলবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চারদিনে সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) তিন-পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। পরবর্তী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে।
জেলায়-জেলায় বৃষ্টি আজ, উঠবে ঝড়
আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। ওই জেলাগুলির অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
মঙ্গলবার ৬০ কিমিতে ঝড় উঠবে একাধিক জেলায়
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারইমধ্যে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় আবার ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।

বুধবার আরও বাড়বে ঝড়-বৃষ্টির দাপট
বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।
ঝড়ের জন্য বৃহস্পতিবারও হলুদ সতর্কতা জারি
বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সার্বিকভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ কিছুটা বেশি থাকবে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।
ঝড়-বৃষ্টি কমবে কবে থেকে?
শুক্রবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার এবং রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।