Rajatava Dutta: খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’ এবং ‘ফুলপিসি ও এডওয়ার্ড’, যে দুটি ছবিতেই অভিনয় করতে দেখা দিয়েছে রজতাভ দত্তকে। তবে এবার একেবারে মুখ্য চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি, আসতে চলেছে রজতাভ দত্তর নতুন ছবি ‘এখানে প্রস্রাব করিবেন না’।
সৌভিক ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রজতাভ। প্রযোজনার দায়িত্বে রয়েছে ইডিয়ট বাক্স। নির্বাহী প্রযোজকের দায়িত্বে সৌম্য সেনগুপ্ত। চিত্রনাট্য লিখেছেন সৌরভ মালাকার। সহযোগিতায় রয়েছেন সপ্তর্ষি ঘটক। সম্পাদনায় গৌরবময় বন্দ্যোপাধ্যায় এবং সংগীতের দায়িত্বে রয়েছেন শুভদীপ মজুমদার। ক্যামেরার দায়িত্বে সুদীপ্ত মজুমদার।
গল্প প্রসঙ্গে
ছবির গোটা গল্পটাই তৈরি উত্তর কলকাতার এক পাড়াকে কেন্দ্র করে। এই পাড়ায় থাকেন এক বৃদ্ধ যিনি কিনা ভীষণ অভিমানী এবং একগুঁয়ে। চরিত্রের নাম নির্মল ভট্টাচার্য। নিজের বাড়ির শেষ অংশটুকুকে রক্ষা করার জন্য প্রতিদিনই যুদ্ধে নেমে পড়েন তিনি। এক অদ্ভুত জীবন অতিবাহিত করেন সেই বৃদ্ধ।
অন্যদিকে গল্পে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যে হল পাড়ার একটি ছেলে। যুবকের নাম বাবলা। এই চরিত্রে অভিনয় করেছেন সায়ন ঘোষ। গল্পে এক বৃদ্ধ এবং এক যুবকের মধ্যে তৈরি হওয়া এক মানবিক সংযোগ একদিকে যেমন আপনাকে হাসাবে তেমন অন্যদিকে চোখে জল নিয়ে আসবে।

তবে এই সিনেমায় রয়েছে মিনতি নামের আরও এক চরিত্র, যে কিনা নির্মলের জীবনের সবথেকে কাছের মানুষ। মিনতি কাজের মেয়ে হলেও নির্মলের জীবনের প্রত্যেকটি মুহূর্তের সাক্ষী সে। এই চরিত্রে অভিনয় করবেন বৈশাখী রায়।
‘এখানে প্রস্রাব করিবেন না’, এই কথাটি প্রায় প্রত্যেকটি বাড়ির দেওয়ালেই দেখতে পাওয়া যায়। কিন্তু এই নিষেধাজ্ঞার আশেপাশে তৈরি হওয়া বেশ কয়েকটি মানুষের জীবন যে কীভাবে জড়িয়ে থাকে আর অদ্ভুতভাবে এগিয়ে যায় সেটাই দেখানো হবে ছবির মাধ্যমে।