ছোটপর্দায় ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু এবং অভিকা মালাকার। পর্দায় ওঁদের রসায়ন নিয়ে দর্শকমনে জল্পনার শেষ নেই। তবে শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও ওঁদের ঘনিষ্ঠতা নিয়ে বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় জোর গুঞ্জন চলছে। এমনকি নেটিজেনদের একাংশের দাবি, রণজয় ও নতুন কনে শ্যামৌপ্তি মুদলির বিবাহিত জীবনেও নাকি এর ছায়া পড়েছে! এই সমস্ত চেনা-অচেনা ট্রোল ও কটাক্ষ এড়াতেই কি এবার চরম পদক্ষেপ নিলেন রণজয়?
অভিকার সাথে ঘনিষ্ঠ ছবি, কিন্তু কমেন্ট বক্সে কড়া তালা!
গত কয়েক সপ্তাহ ধরে সোশাল মিডিয়ায় অভিকাকে কিছুটা যেন এড়িয়েই চলছিলেন রণজয়। যৌথ (Collab) পোস্ট বাদে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে অভিকার সঙ্গে আলাদা করে খুব বেশি ছবি পোস্ট করেননি তিনি।
তবে সম্প্রতি সেই চেনা দূরত্ব মুছে দর্শকদের ধন্যবাদ জানিয়ে একটি রোমান্টিক পোস্ট করেন নায়ক। ছবিতে সাদা শিফন শাড়িতে ধরা দিয়েছেন অভিকা, আর অভির বাহুডোরে ছুটিকে দেখে প্রতিজ্ঞা ভক্তদের হৃদয় উথাল-পাতাল। পোস্টে প্রতিজ্ঞা পরিবারের দুই সিনিয়র অভিনেতা- অনিমেষ ভাদুরি এবং অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গেও একটি ছবি পোস্ট করেন নায়ক। ছবিগুলো পোস্ট করে রণজয় লেখেন— ‘ধন্যবাদ দর্শক (ছবিতে রয়েছে অভি-ছুটি) প্রতিজ্ঞা পরিবার’।
হঠাৎ কেন বন্ধ কমেন্ট সেকশন? পোস্টটি করার পরপরই নেটপাড়ায় সবচেয়ে বেশি নজর কেড়েছে ওঁর কমেন্ট সেকশন, যা সম্পূর্ণ বন্ধ করা! ভক্ত বা নেটিজেনরা চাইলেও কোনো মন্তব্য করতে পারছেন না। ওয়াকিবহাল মহলের ধারণা, নেতিবাচক মন্তব্য ও বিষাক্ত ট্রোলিং এড়াতেই আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
‘শ্যামৌপ্তি কোথায়?’ নীরব রণজয়
সাম্প্রতিক সময়ে রণজয়ের প্রায় প্রতিটি সোশাল মিডিয়া পোস্টেই শ্যামৌপ্তিকে নিয়ে প্রশ্ন করে চলেছেন অনুরাগীরা। সম্প্রতি পরিবারের সবাইকে নিয়ে বৃষ্টির দিনে খাসির মাংস আর খিচুড়ি খেতে বেরিয়েছিলেন নায়ক। সেই পারিবারিক আড্ডাতেও কিন্তু অনুপস্থিত ছিলেন ওঁর স্ত্রী শ্যামৌপ্তি!

কমেন্ট বক্সে ভেসে আসে একঝাঁক প্রশ্ন— ‘বউকে ছাড়া পরিবার?’. “শ্যামৌপ্তি কোথায়?’ কিংবা ‘সব ঠিক আছে তো?’। তবে এই সমস্ত ব্যক্তিগত প্রশ্নের জবাবে একেবারেই নীরবতা বজায় রেখেছেন রণজয়। অনস্ক্রিন ‘অভিছুটি’-র রসায়ন হিট হলেও, বাস্তবে অভিনেতার ব্যক্তিগত জীবন কোন মোড় নিচ্ছে, তা নিয়েই এখন সানাই আর চটুল আলোচনার ঝড় টেলিপাড়ায়!