আজ সকালে প্রয়াত হন বিএনপি চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজনীতির ময়দানে শেখ হাসিনার চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন খালেদা। তবে রাজনৈতিক প্রতিপক্ষের প্রয়াণেও বিশেষ বার্তা দিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেত্রীর বার্তাটি পোস্ট করা হয় দলের ফেসবুক পেজে। প্রসঙ্গত, একটা সময় বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে খালেদা জিয়ার সঙ্গে পায়ে পা মিলিয়েছিলেন শেখ হাসিনাও। দুজনে মিলে এরশাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পরে অবশ্য দুই নেত্রী চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন রাজনৈতিক মতাদর্শ এবং দলীয় ইতিহাসের কারণে। ২০০৮ থেকে হাসিনার শাসনকালে টানা বন্দি ছিলেন খালেদা।
খালেদা জিয়ার প্রয়াণে শেখ হাসিনার বার্তায় বলা হয়েছে, ‘বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি। আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি, মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।’
এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রয়াণে শোকজ্ঞাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বার্তায় মোদী লেখেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। ঈশ্বর তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে তাঁর ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। ঢাকায় ২০১৫ সালে তাঁর সঙ্গে আমার সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। তাঁর দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার দুই দেশের অংশীদারিত্বকে পরিচালিত করবে বলে আমরা আশা করি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।’
