SSC 2nd SLST Panel List। ভুল আছে SSC একাদশ-দ্বাদশের মেধাতালিকায়? নম্বর যোগ নিয়ে বড় অভিযোগ

Spread the love

এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকায় কি বড়সড় ভুল থাকল? বুধবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে মেধাতালিকা বা প্যানেল প্রকাশের পর থেকেই একটি মহলের তরফে সোশ্যাল মিডিয়ায় তরফে তেমনই দাবি করা হচ্ছে। বিশেষত দু’জন নির্দিষ্ট প্রার্থীর নাম তুলে ধরে দাবি করা হচ্ছে যে নম্বর যোগ করতে ভুল করেছে এসএসসি। সেজন্যই তাঁরা মেধাতালিকায় উপরের দিকে সুযোগ পেয়ে গিয়েছেন বলে অভিযোগ করতে থাকেন একাংশ।

কোন কোন প্রার্থীদের নিয়ে এরকম অভিযোগ উঠছে?

যদিও বাস্তবটা অন্য। সোশ্যাল মিডিয়ায় যে দু’জন প্রার্থীর নাম ধরে সেই অভিযোগ করা হচ্ছে, তাঁদের একজন হলেন ঝুম্পা মণ্ডল। অপরজন হলেন পিন্টু মল্লিক। ঝুম্পা অঙ্কের জেনারেল (পুরুষ/মহিলা) ক্যাটেগরিতে সুযোগ পেয়েছেন। তাঁর নাম আছে ৪২ নম্বরে। শিক্ষাগত যোগ্যতায় ১০ নম্বর, লিখিত পরীক্ষায় ৫২ নম্বর, ইন্টারভিউয়ে ১৬.৫ নম্বর এবং অভিজ্ঞতার জন্য ছয় নম্বর পেয়েছেন। সবমিলিয়ে ৯০.৫ নম্বর পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়েছে, তাতে তাঁর অভিজ্ঞতার নম্বরে শূন্য দেখানো হচ্ছে। আর সেটার ভিত্তিতে দাবি করা হচ্ছে যে ওই প্রার্থীর নম্বর ভুলভাবে যোগ করা হয়েছে। কিন্তু আসলে ঠিকভাবেই নম্বর যোগ করেছে এসএসসি।

অভিজ্ঞতার শূন্য দেখিয়ে ছবি পোস্ট করা হয়েছে

ঠিক একই ঘটনা ঘটেছে পিন্টুর ক্ষেত্রে। অঙ্কে ওবিসি-বি ক্যাটেগরিতে ২৪ নম্বরে তাঁর নাম আছে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়েছে, তাতে দাবি করা হয়েছে যে ওই প্রার্থী লিখিত পরীক্ষায় ৫৮ নম্বর পেয়েছেন। শিক্ষাগত যোগ্যতার জন্য পেয়েছেন ১০ নম্বর। ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশনে ১৪ নম্বর পেয়েছেন। অভিজ্ঞতার জন্য কোনও নম্বর পাননি। ফলে তাঁর সর্বমোট নম্বর যেখানে ৮২ হওয়ার কথা, সেখানে ৮৮ দেখানো হচ্ছে। কিন্তু বাস্তবে তিনি অভিজ্ঞতার জন্য ছয় নম্বর পেয়েছেন। ফলে প্রাপ্ত নম্বর ৮৮ হওয়ারই কথা।

হাইকোর্টের নির্দেশে ৪ প্রার্থীকে অভিজ্ঞতার নম্বর

আর ওই দুই প্রার্থী যে অভিজ্ঞতার জন্য ছয় নম্বর পেয়েছেন, সেটার নেপথ্যে আছে কলকাতা হাইকোর্টের রায়। গত ২৫ নভেম্বর এসএসসির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল যে হাইকোর্টের রায়ের ভিত্তিতে চারজন প্রার্থীকে অভিজ্ঞতার জন্য ছয় নম্বর দেওয়া হচ্ছে। তাঁরা হলেন পিন্টু (অঙ্ক), অরিত্র রায় (অঙ্ক), অরূপকুমার শিট (পদার্থ বিজ্ঞান) এবং ঝুম্পা (অঙ্ক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *