২০২৬ সালের নির্বাচন চলাকালীন কোনও রাজনৈতিক কর্মী খুন হননি। তবে ভোটের ফল প্রকাশের পরই দিকে দিকে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এরই মাঝে এবার এক তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু হল খাস কলকাতায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টানায়ক। তিনি তৃণমূলের বুথ এজেন্ট। বিশ্বজিতের পরিবার জানায়, ভোট গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন তিনি। তবে সন্ধ্যা নাগাদ ফোন পেয়ে বেরিয়েছিলেন তিনি। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয় বাড়ির সামনে থেকে।
রিপোর্ট অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটা ফোন পান বিশ্বজিৎ। এরপর তিনি বেরিয়ে যান বাড়ি থেকে। এরপর থেকে আর তাঁকে ফোনে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে বাড়ির লোক তাঁকে খুজতে বের হতেই দেখে দরজার সামনে পড়ে বিশ্বজিতের রক্তাক্ত মৃতদেহ। বিশ্বজিতের ফোন তাঁর পকেটে পাওয়া যায়। সেই ফোনটি ভাঙা ছিল। এই ঘটনায় বেলেঘাটা থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
পরিবার নির্দিষ্ট ভাবে কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। তবে তাদের বক্তব্য, যেহেতু তৃণমূলের কর্মী হিসেবে কাজ করতেন বিশ্বজিৎ, তাই এটা রাজনৈতিক খুন বলে দাবি করছেন তারা। এই ঘটনায় তদন্ত করতে গিয়ে ভাঙা ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কার ফোন পেয়ে বিশ্বজিৎ বাড়ি থেকে বেরিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য বিশ্বজিতের দেহ পাঠানো হয়েছে হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
