দীর্ঘদিনের আশঙ্কাকে সত্যি করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে উঠল। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ অঞ্চলে পেট্রলিয়াম ইন্ডাস্ট্রিজ-এ ইরানের হামলায় তিন ভারতীয়ের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাল নয়াদিল্লি। ঘটনাটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে বিবৃতি জারি করে কড়া ভাষায় নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। সম্প্রতি সেখানে আটকে পড়া জাহাজ উদ্ধারে মার্কিন যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। সোমবার আমিরশাহির অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ও রাজধানী ফুজাইরাহ-র প্রধান তেল সঞ্চয় কেন্দ্র লক্ষ্য করে একের পর এক ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে তেহরান। হামলার ফলে তেল ভান্ডারের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও স্পষ্ট না হলেও, জনবসতিপূর্ণ এলাকায় এই আক্রমণ আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই ঘটনায় কাজ করতে গিয়ে তিনজন ভারতীয় শ্রমিক জখম হন।
ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি বিবৃতিতে এই কাপুরুষোচিত হামলার কড়া নিন্দা করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘ফুজাইরাহতে হামলায় তিন ভারতীয় আহত হয়েছেন। এটি নিন্দনীয়। জনবসতি এবং নিরীহ নাগরিকদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’ নয়াদিল্লি মনে করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যুদ্ধ নয়, বরং আলোচনা এবং কূটনীতির পথ অনুসরণ করা উচিত। রণধীর জয়সওয়াল আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতে অবাধে জাহাজ চলাচল করতে পারে, তার জন্য আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি। বিশ্বজুড়ে তেলের জোগান স্বাভাবিক রাখতে এই এলাকায় শান্তি ফেরানো প্রয়োজন।
প্রধানমন্ত্রীর কড়া প্রতিক্রিয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের সামরিক হামলায় তিন ভারতীয়ের আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, ‘সংযুক্ত আরব আমিরশাহিতে হামলার তীব্র নিন্দা করছি, যার ফলে তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। বেসামরিক নাগরিক ও পরিকাঠামোকে টার্গেট করা অগ্রহণযোগ্য।’ প্রধানমন্ত্রীর মোদীর কথায়, ভারত সংযুক্ত আরব আমিরশাহির প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের প্রতি সমর্থন জানাচ্ছে। প্রধানমন্ত্রী এ দিন সমাজ মাধ্যমে জানান, বিশ্বের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও নিরবচ্ছিন্ন নৌ-চলাচল নিশ্চিত করা প্রয়োজন।

কী বলছে সংযুক্ত আরব আমিরশাহি?
সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সোমবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন ধ্বংস করেছে। প্রায় এক মাসের মধ্যে দেশটিতে এটিই প্রথম বড় কোনও হামলার ঘটনা। তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র ফুজাইরাহতে ইরানি হামলার কারণে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এছাড়া সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাদের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনকের একটি ট্যাঙ্কার ড্রোন হামলার শিকার হয়েছে। তবে হামলার সময় ট্যাঙ্কারটি খালি ছিল।