Trump’s claims on India। ফের ভারত নিয়ে ‘ভুয়ো’ দাবি ট্রাম্পের

Spread the love

ফের একবার ভারতের রুশ তেল কেনা নিয়ে বড় দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর এরই সঙ্গে ভারতকে কার্যত হুমকিও দিয়ে রাখলেন ট্রাম্প। এদিকে সম্প্রতি বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, গত কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনে কোনও কথাই হয়নি। তাও ফের একবার গতকাল ট্রাম্প দাবি করেন, মোদী তাঁকে নিশ্চিত করে বলেছেন যে, ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ করে দেবে। এই নিয়ে গত পাঁচদিনে তৃতীয়বারের জন্য ট্রাম্প এহেন দাবি করলেন।

এদিকে রাশিয়ার তেল কেনার ইস্যুতে মোদীর সঙ্গে তাঁর ফোনালাপ হওয়ার দাবিটি ভারত অস্বীকার করেছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘যদি তারা এটা বলতে চায়, তাহলে তারা বিপুল পরিমাণ শুল্ক দিতে থাকবে এবং তারা তা করতে চায় না।’ উল্লেখ্য, ভারতের রাশিয়ান তেল কেনা নিয়ে গত ১৫ অক্টোবর রাতে প্রথমবারের মতো দাবি করেছিলেন ট্রাম্প। সঙ্গে আবার ট্রাম্প দাবি করেছিলেন, তিনি মোদীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চান না। এই সবের মাঝেই ভারতও জবাব দেয় আমেরিকার দাবির পরিপ্রেক্ষিতে। ভারত স্পষ্ট জানিয়ে দেয়, মোদীর সঙ্গে ট্রাম্পের কোনও কথাই হয়নি এর মধ্যে।

বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই নিয়ে বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে, ‘অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতীয় উপভোক্তাদের স্বার্থ রক্ষা করা আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিগুলি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয়। স্থিতিশীল জ্বালানীর দাম এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করা আমাদের জ্বালানি আমদানি নীতির লক্ষ্য। বাজারের স্থিতি বুঝে আমরা জ্বালানি উৎসে বৈচিত্র আনতে চাই।’ এদিকে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমেরিকার ক্ষেত্রে যদি বলা হয়, আমরা বিগত কয়েক বছর ধরেই তাদের থেকে জ্বালানি আমদানি বৃদ্ধির চেষ্টা করেছি। গত একদশকে এই জ্বালানি আমদানি ক্রমে বেড়েছে। আমেরিকার বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ কছে। এই নিয়ে আমেরিকার সঙ্গে আমাদের আলোচনা চলছে।’

পরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন, প্রধানমন্ত্রী মোদী এবং ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক কোনও ফোনালাপ হয়নি। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছি। আবারও স্পষ্টভাবে বলতে চাই, গতকাল দুই নেতার মধ্যে এমন কোনও কথোপকথন বা ফোনালাপ হয়নি।’ তবে ফের একবার ট্রাম্প এই ইস্যুতেই দাবি করলেন এবং ভারতকে হুমকি দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *