UPSC Success Story: আইএএস হওয়ার স্বপ্ন ছিল। তবে প্ল্যান বি’ও ছিল। আর সেই প্ল্যান বি’র অঙ্গ হিসেবে ৩৫টি সরকারি চাকরির পরীক্ষা দেন। তাতে অবশ্য সাফল্য মেলেনি। শেষপর্যন্ত ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা ক্র্যাক করেন। কিন্তু আইএএস হতে পারেননি। হন আইপিএস অফিসার। সেখানেই হাল ছাড়েননি হরিয়ানার সিরসার ছেলে বিজয় বর্ধন। আবার ইউপিএসসি সিভিল সার্ভিসেস ক্র্যাক করে হয়েছেন আইএএস অফিসার। করেছেন নিজের স্বপ্নপূরণ।
ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি
বিজয়ের যাত্রাটা শুরু হয়েছিল সিরসা থেকে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করার পরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি অর্জন করেন। তারপরই ইউপিএসসি সিভিল সার্ভিসেসের স্বপ্ন দেখতে শুরু করেন।
UPSC-র প্রস্তুতির মধ্যে SSC CGL, CDS-র মতো পরীক্ষা দেন
দিল্লিতে এসে ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রস্তুতি শুরুর পরেই কঠিন লড়াইয়ের আঙিনায় পা রাখেন বিজয়। ‘প্ল্যান বি’ হিসেবে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিতে শুরু করেন। হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল (SSC CGL), কম্বাইনড ডিফেন্স সার্ভিসেসের (CDS) মতো পরীক্ষা দিতে থাকেন। কিন্তু তাতে সাফল্য মেলেনি। মোট ৩৫টি পরীক্ষায় কাঙ্খিত সাফল্য আসেনি।
UPSC ক্র্যাক করে IPS অফিসার হন
আর সেই পরিস্থিতিটা মোটেও সহজ ছিল না। বন্ধুবান্ধব ও সহ-প্রার্থীরা যখন চাকরি পেয়ে গিয়ে ‘সেটল’ হয়ে যাচ্ছিলেন, তখন একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলেন বিজয়। কিন্তু লড়াই ছাড়েননি। আর সেই নাছোড়াবান্দা মনোভাবের ফল মেলে। ২০১৮ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করে পান আইপিএস ক্যাডার।

IPS অফিসার হয়ে IAS অফিসার হলেন
আইপিএস হয়ে গেলেও বিজয়ের সব স্বপ্নপূরণ হয়নি তখনও শেষপর্যন্ত ২০২১ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দিয়ে সেই স্বপ্নপূরণ হয়। দেশের মধ্যে ৭০ তম স্থান অধিকার করেন। আর আইএএস অফিসার হন বিজয়। সেইসঙ্গে দেশের লাখ-লাখ চাকরিপ্রার্থীর কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণা। পরপর ব্যর্থতার পরেও যাঁরা পিছিয়ে আসতে বাধ্য হন বিভিন্ন চাপে, তাঁদের আরও অনুপ্রেরণা জোগান।