আজ সার্ভাইকাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচির সূচনা অনুষ্ঠানে গিয়ে রাজ্যের জনসংখ্যা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপি শাসিত বহু রাজ্যেই মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সর্বত্রই সরকারের তরফ থেকে অবশ্য ‘জনসংখ্যা নিয়ন্ত্রণের’ কথাই বলা হয়েছে। কতকটা সেই সুরেই কোনও নির্দিষ্ট ধর্মাবলম্বীদের উল্লেখ না করেই শমীক বলেন, তিনি আশাবাদী নতুন সরকার রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কাজ করবে। এদিকে আজ নিজের বক্তব্যে বানতলায় টিকাকরণ অনুষ্ঠানে গিয়ে অনিতা দেওয়ানের গণধর্ষণের প্রসঙ্গও টেনে আনেন শমীক।
উল্লেখ্য, বিজেপির দীর্ঘদিনের অভিযোগ, বহু জায়গায় জনসংখ্যা বৃদ্ধির জেরে জনবিন্যাস পালটে যাচ্ছে ভারতে। পড়শি রাজ্য অসমেও হিমন্তব বিশ্ব শর্মা এই অভিযোগ করে আসছেন বহু বছর ধরে। বাংলাতেও এই নিয়ে বারংবার সরব হয়েছে বিজেপি। আজ টিকাকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শমীক বলেন, ‘যারা সমাজ সচেতক আছেন, তাঁরা যেন সব ধর্মের মানুষকে এই টিকা নেওয়ার জন্য সচেতন করেন। এই সরকার নতুন। নতুন স্বাস্থ্যমন্ত্রী শপথ নেবেন। সেটা সরকারের বিষয়, মুখ্যমন্ত্রীর বিষয়। তবে আমি খুবই আশাবাদী, পশ্চিমবঙ্গের এই ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী।’
বিজেপি সাংসদ আরও বলেন, ‘সুস্থ সামাজিক সমাজে পরিবার পরিকল্পনাকে বাধ্যতামূলক করা যায় কি না, বা সরকার কোনও প্রকল্প চালু করে তা নিয়ে প্রচার চালিয়ে এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা যায় কি না, জমির ওপর মানুষের চাপ কমাতে পারি কি না… এই পরিবার পরিকল্পনার মধ্যে দিয়ে, জন্মনিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের মহিলাদের আরও বিকাশ ঘটাতে পারি কি না, তাঁদের আর্থসামাজিক ভাবে উন্নত করতে পারি কি না, তা নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।’
