একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ১৫৪ জনকে নতুন করে ভেরিফিকেশনে ডাকল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। যে ১৫৪ জনকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, তাঁদের নাম এবং রোল নম্বরও প্রকাশ করে দেওয়া হয়েছে। শনিবার কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় তাঁদের ভেরিফিকেশনের জন্য যেতে হবে। তাঁরা যে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, সেটার নথিও নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি এবং জাতিগত শংসাপত্র লাগবে। সেইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট ১৫৪ জন প্রার্থীর জন্য আলাদা করে কোনও ইনটিমেশন লেটার জারি করা হবে না।
নেপথ্যে আছে হাইকোর্টের রায়
আর ওই ১৫৪ জন প্রার্থীকে যে ডাকা হয়েছে, সেটার নেপথ্যে রয়েছে হাইকোর্টের একটি রায়। কমিশন সূত্রের খবর, গত ১৬ ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে যে প্রার্থীরা নিজেদের ক্যাটেগরি বা শ্রেণি আপডেট করতে পারেননি, তাঁদের বাড়তি সময় দিতে হবে। তাঁদের ২৪ ঘণ্টা দেওয়ার কথা বলেছিল হাইকোর্ট। সেইমতো ১৭ ডিসেম্বর রাত থেকে ক্যাটেগরি আপডেটের ‘উইন্ডো’ খুলেছিল কমিশন। আর সেটার ভিত্তিতেই ১৫৪ জনকে ভেরিফিকেশনে ডাকা হয়েছে।

মেধাতালিকা বা প্যানেল প্রকাশ পিছিয়ে যাবে?
সেই পরিস্থিতিতে আগামী ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা বা প্যানেল প্রকাশ নাও হতে পারে। যখন নিয়োগ প্রক্রিয়ার মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এসএসসি, সেইসময় হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছিল যে ৭ জানুয়ারিই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করে দেওয়া হবে। ইতিমধ্যে একাদশ-দ্বাদশের প্রার্থীদের অধিকাংশ প্রার্থীর ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন মিটেও গিয়েছে। কিন্তু হাইকোর্টের একটি নির্দেশের কারণে সেই সময়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব হয়ে গিয়েছে বলে এসএসসি সূত্রে খবর। যদিও সরকারিভাবে এসএসসির তরফে কিছু জানানো হয়নি।