শুক্রবার ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার সেটা ১৫.২ ডিগ্রিতে নেমে গেল। অর্থাৎ দু’দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২.৭ ডিগ্রি কমে গেল। তার ফলে শুক্রবার ভোরের দিকেও কলকাতায় যে কিছুটা গরম-গরম লাগছিল, সেটা থেকে একটু হলেও রেহাই মিলল। কাঠফাটা রোদ এবং অসহ্যকর গরমের আগে কিছুটা স্বস্তি বয়ে আনল কলকাতার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল, রবিবার (১ ফেব্রুয়ারি) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৫.২ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রিতে ঠেকেছে।
১১ দিন পরে স্বাভাবিকের নীচে নামল সর্বনিম্ন তাপমাত্রা
সেই পরিস্থিতিতে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম আছে। অর্থাৎ ১১ দিন পরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকল। আজকের আগে শেষবার গত ২০ জানুয়ারি মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কম ছিল। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম ছিল। আর ২৪ জানুয়ারি পুরোপুরি স্বাভাবিক ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
কাল কি ঠান্ডা আরও বাড়বে?
একইভাবে আজ স্বাভাবিকের থেকে কম আছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম আছে। কয়েকদিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকছে। আজও সেই ট্রেন্ড বজায় থাকল। তবে বেলা বাড়লে পারদ কিছুটা চড়বে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশপাশে। তবে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রির আশপাশে পৌঁছে যেতে পারে। অর্থাৎ সোমবার ফের কলকাতার পারদ চড়বে।

আগামী এক সপ্তাহ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
এখন যা পরিস্থিতি, তাতে কলকাতার পারদ পড়লেও বড়জোর ১৫ ডিগ্রির ঘরে নামবে। তার নীচে নামবে না কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। পরপর পশ্চিমী ঝঞ্ঝার গুঁতোয় কলকাতা-সহ পশ্চিমবঙ্গে উত্তুরে বাতাস ঢুকছে না। তাই পারদের উত্থান-পতন লেগে থাকলেও মোটামুটি ১৫ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
সেই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে শীঘ্রই ১৮ ডিগ্রির ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে। আর তারপর ধীরে-ধীরে সেই মারাত্মক গরমের দিনগুলো চলে আসবে। তার আগে যতদিন কিছুটা স্বস্তিতে থাকা যায়, সেই আশায় আছেন কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা মূলত শুষ্ক থাকবে। আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার হেরফের করার বিশেষ সম্ভাবনা নেই।