চীনের দক্ষিণপশ্চিমের ইউনান প্রদেশে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে ১১ জন রেলশ্রমিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।সিনহুয়ার প্রতিবেদন মতে, আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে ইউনান প্রদেশের রাজধানী কুনমিং শহরের লুওয়াংজেন রেলওয়ে স্টেশনের ভেতর এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রেন রেললাইনে কাজ কর্মরত শ্রমিকদের ধাক্কা দেয়।
সিনহুয়া আরও জানায়, ভূকম্পন সংশ্লিষ্ট যন্ত্রপাতি পরীক্ষায় ট্রেনটি ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরুরি উদ্ধার তৎপরতা শুরু করে এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে আহতদের জন্য উদ্ধার এবং চিকিৎসার ব্যবস্থা করে।
দুর্ঘটনার কারণ জানতে ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলে খবরে জানানো হয়েছে। দুর্ঘটনার পর লুওয়াংজেন স্টেশনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
