বুধবার দুপুরে আচমকাই একটি খবরে স্তব্ধ হয়ে যায় গোটা টলিউড। কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় তাঁর বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় অনীক দত্তর। জানা গিয়েছে, বহুতলের ছাদ থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ যেখানে পরিচালক লিখে গিয়েছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই ঘটনা যেন মন থেকে মেনে নিতে পারছেন না কেউ।
সোশ্যাল মিডিয়ায় তারকাদের পোস্ট
অনীক দত্তর মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত কিছু বলার অবস্থায় নেই। তিনি শুধুমাত্র পরিচালকের একটি ছবি পোস্ট করে ভাঙা হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। বোঝাই যাচ্ছে এই খবরে ভীষণভাবে মর্মাহত হয়েছেন তিনি।একই অবস্থা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। তিনি পরিচালকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভালো থেকো’। ব্যাস এইটুকুই লিখেছেন তিনি। অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘ভদ্রলোক প্রজাতিটি এমনিতেই বিলুপ্তপ্রায়। এবার সেই তালিকায় যুক্ত হলেন অনীকদা। ওঁর ছবিতে যে বাঙালিয়ানা বা রসবোধ পেতাম, সেটা সত্যিই বিরল। সুদর্শন, ভদ্র এবং আপসহীন একজন মানুষ চলে গেলেন।’
অভিনেত্রী ঋ লেখেন, ‘গত সপ্তাহেই অনীকদা আমায় ফোন করেছিলেন এবং আমার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি নিজের একাকিত্বের কথা জানিয়েছিলেন এবং এও বলেছিলেন, কারও কাছে ওঁর কথা শোনার সময় নেই। তিনি আর কোনও সিনেমা তৈরি করবেন না বলেছিলেন। সরি অনীকদা। আমি একেবারেই বুঝতে পারিনি যে তুমি ভেতর থেকে ভেঙে যাচ্ছ। বিদায়।’পরিচালকের মৃত্যুতে সব থেকে বেশি ভেঙে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ভীষণ রাগ হচ্ছে তোমার উপর। কি উদাহরণ সেট করলে তোমার ভক্ত আর ফলোয়ারদের কাছে? এটা একেবারেই ঠিক হলো না। একদমই মেনে নেওয়া যাচ্ছে না। কমরেড ঠিক করলে না এটা আমাদের সঙ্গে। আবার অভিভাবকহীন হলাম।’
