‘সিতারে জামিন পর’ ছবিটি যখন মুক্তি পায়, সেই সময় আমির খান ঘোষণা করেছিলেন যে তিনি চান না এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাক। যদিও পরবর্তীকালে ইউটিউবে ছবিটি মুক্তি পেয়েছিল কিন্তু তাও একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে। সেই সময় আমির খানের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন অনেক তারকা।
কিন্তু ছবি মুক্তির ৮ মাস পরেই নিজের মত পরিবর্তন করলেন আমির খান। সোমবার অর্থাৎ ৯ মার্চ ঘোষণা করা হয়, সিনেমাটি মুক্তি পাবে সোনি লিভ নামক ওটিটি প্লাটফর্মে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গত বছরের জুন মাসে ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল এবং ছবি মুক্তির ৮ মাস পর এবার ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।
স্ট্রিমিং প্লাটফর্মের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যেখানে ক্যাপশনে লেখা, একজন টিংকু বাস্কেটবল কোচ, ১০ জন তুফানি সিতারে এবং তাদের জার্নি। তবে ছবিটি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে এটি ঘোষণা করা হলেও সিনেমাটি কবে মুক্তি পাবে সেটা এখনও জানানো হয়নি।
আরএস প্রসন্ন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন আমির খান, জেনেলিয়া দেশমুখ, আশিস পেন্ডসে, আরুশ দত্ত, আয়ুষ বনসালি, ঋষি শাহানি, গোপিকৃষ্ণন কে ভার্মা, ঋষভ জৈন, বেদান্ত শর্মা, সিমরন মঙ্গেশকর, সম্বিত দেশাই এবং নমন মিশ্র। ছবিটি প্রযোজনা করেছেন আমির খান এবং অপর্ণা পুরোহিত, আমির খান প্রোডাকশনের ব্যানারে, বি. শ্রীনিবাস রাও এবং রবি ভাগচাঁদকা প্রযোজক হিসেবে কাজ করছেন।

২০০৭ সালের হিট ছবি ‘তারে জমিন পার’ -এর সিক্যুয়েল ‘সীতারে জমিন পার’ একজন বাস্কেটবল কোচের গল্প বলে, যাকে ডিইউআই করা হয় এবং আদালত তাকে একদল নিউরোডাইভার্জেন্ট ব্যক্তিকে এই খেলা শেখানোর জন্য নির্দেশ দেয়। মুক্তির পর ছবিটি ভালো পর্যালোচনা পায় এবং বক্স অফিসে সাফল্য পায়, বিশ্বব্যাপী ২৬৫ কোটিরও বেশি আয় করে।