প্রেম থেকে বিরহ, জমিয়ে পার্টি, সবেতেই অরিজিৎ সিংয়ের গানের জুরি মেলা ভার। তিনি তাঁর গান দিয়ে দেশবাসীর মনজয় করে নিয়েছেন। আর এবার পালা পরিচালক হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার।
কী শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে গায়ক আবার পরিচালনার কাজে হাত দিলেন কবে থেকে? বেশ তবে একটু খোলসা করে বলা যাক। গায়ক বেশ অনেক দিন ধরেই পরিচালনায় হাত পাকিয়েছেন। তাঁর প্রথম ছবি হল ‘সা’। যদিও এই ছবি এখনও মুক্তি পায়নি। তবে প্রথম ছবি মুক্তির আগেই তিনি তাঁর দ্বিতীয় ছবি ‘ভয়’-এর পরিচালনার কাজে হাত দিয়েছেন। আর জানলে অবাক হবেন এই ছবির হাত ধরেই ডেবিউ করতে চলেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকী। তবে ছবিতে শুধু শোরা নয়, নওয়াজ নাকি অভিনয় করবেন বলে শোনা গিয়েছে।
জানা গিয়েছে ইতিমধ্যেই ছবির কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। শ্যুটের কাজের মাঝেই গায়ক গিয়েছেন বিদেশে। আর সেখান থেকে ফিরে আবার শ্যুটিং শুরু করবেন গায়ক। এই ছবি মূলত তিনটি গল্প নিয়ে তৈরি হবে বলে শোনা গিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বিমানের বিজনেস ক্লাসে নিজস্বীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নজর কেড়েছেন স্বস্ত্রীক-অরিজিৎ। দক্ষিণ আফ্রিকাগামী এক বিমানে তাঁদের এক সঙ্গে দেখা যায়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে SA20 লিগ। সেখানেই প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দেখা মিলবে মহারাজের। অন্যদিকে, সেই একই বিমানের বিজনেজ ক্লাসে দাদার সঙ্গে দেখা হয়ে যায় সস্ত্রীক অরিজিৎ সিংয়ের। তারপর আর কী, সেলফিতে বাজিমাত। এখন এটা স্যোশাল মিডিয়ার অন্যতম হট টপিক। তবে দক্ষিণ আফ্রিকাগামী বিমানে করে অরিজিৎ কোথায় যাচ্ছেন স্ত্রীকে নিয়ে তা অবশ্য স্পষ্ট ভাবে জানা যায়নি।

ছবিতে দাদার পরনে ছিল সাদা টি -শার্ট ও কালো জ্যাকেট। অন্যদিকে অরিজিৎও পরেছিলেন সাদা টি -শার্ট। তবে কালো নয় বরং ডেনিমের জ্যাকেটে নজর কেড়েছিলেন গায়ক। তাঁদের সঙ্গে দেখা গিয়েছিল অরিজিৎ পত্নী কোয়েল রায়। অরিজিৎ ও সৌরভ দু’জনের মাথাতেই ছিল টুপি। অরিজিৎ কালো রঙের টুপি পড়ে ছিলেন। অন্যদিকে, সৌরভ পরেছিলেন সাদা রঙের ক্যাপ। তাঁরা একসঙ্গে সেলফি তোলেন। তাঁদের এই সেলফি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা।