নতুন বছরেই দেশ পেতে চলেছে দুই নয়া এয়ারলাইন্স। সদ্য এই দুই নয়া এয়ারলাইন্সকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এক পোস্টে এই ঘোষণা করেছেন। যে দুই নতুন এয়ারলাইন্স ভারতের আকাশে নিজের উড়ান নিতে চলেছে তার মধ্যে একটি ‘আল হিন্দ’ এয়ার লাইন্স ও অন্যটি, ‘ফ্লাই এক্সপ্রেস’। এছাড়াও ছাড়পত্র পেয়েছে যোগীগড় উত্তর প্রদেশের ‘শঙ্খ এয়ার’। জানা যাচ্ছে, ২০২৬ সালে ভারতের আকাশে ওড়ার সম্ভাবনা রয়েছে ‘শঙ্খ এয়ার’-রও।
সদ্য কিছুদিন আগেই ভারতে দেশের অন্যতম প্রথম সারির বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো ঘিরে যাত্রী বিক্ষোভ তুঙ্গে ওঠে। সংস্থার একাধিক বিমান বাতিল হতে শুরু করলে, দেশের নানান জায়গায় সমস্যায় পড়েন যাত্রীরা। বিমানবন্দরগুলিতে দেখা যায় তুমুল বিক্ষোভ।
এরপর দেশের আকাশে দুই নতুন বিমান পরিষেবা সংস্থা আসার খবর উঠে এল। বুধবার উভয় বিমান সংস্থাই, অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক থেকে তাদের ‘নো অবজেকশন’ সনদ পেয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এই দুটি বাহক ছাড়াও, উত্তর প্রদেশে অবস্থিত শঙ্খ এয়ারও ২০২৬ সালে ফ্লাইট পরিচালনা শুরু করার সম্ভাবনা রয়েছে। শঙ্খ এয়ার ইতিমধ্যেই তাদের (এনওসি) পেয়েছে বলে খবর। ফলত, সেক্ষেত্রে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো তাবড় অসামরিক বিমান পরিষেবা সংস্থার সঙ্গে বাজারে নামতে দেখা যাবে, তিন নতুন সংস্থাকে। এক পোস্টে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেন,’গত এক সপ্তাহ ধরে, ভারতীয় আকাশে ডানা মেলতে আগ্রহী নতুন এয়ারলাইন্সের দলগুলির সাথে দেখা করতে পেরে আনন্দিত।’ তিনি ওই সোশ্যাল মিডিয়া পোস্টে জানান,’শঙ্খ এয়ার ইতিমধ্যে মন্ত্রকের কাছ থেকে এনওসি পেয়েছে, আল হিন্দ এয়ার এবং ফ্লাইএক্সপ্রেস এই সপ্তাহে তাদের এনওসি পেয়েছে।’
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অভ্যন্তরীণ বিমান চলাচলের বাজারে উঠে আসা ভারতে বিমান অপারেটর বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। রিপোর্ট বলছে, বর্তমানে, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া গ্রুপ – যার এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ারলাইন্স রয়েছে – একসাথে অভ্যন্তরীণ বেসামরিক বিমান চলাচলের বাজারের ৯০ শতাংশেরও বেশি অংশ দখল করে। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতে নয়টি অভ্যন্তরীণ বিমান সংস্থা চালু রয়েছে, একটি আঞ্চলিক বিমান সংস্থা ‘ফ্লাই বিগ’ অক্টোবরে নির্ধারিত ফ্লাইট স্থগিত করেছে।আল হিন্দ এয়ার,কেরালা-ভিত্তিক ‘আলহিন্দ গ্রুপ’ দ্বারা পরিচালিত হবে। এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, আল হিন্দ এয়ার একটি আঞ্চলিক কমিউটার এয়ারলাইন্স হিসাবে আত্মপ্রকাশ করবে। এটি এটিআর ৭২-৬০০ মডেলের বিমানের বহর দিয়ে ফ্লাইট অপারেশন শুরু করবে, প্রাথমিক ফোকাস দক্ষ অভ্যন্তরীণ বিমান ভ্রমণ প্রদানের দিকে। নাইডু এক্স-এ বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সরকারের নীতির কারণে ভারতীয় বিমান পরিবহণ ক্ষেত্রে আরও বেশি বিমান সংস্থাকে উৎসাহিত করার মন্ত্রক প্রয়াস নিয়েছে।’ আর সেদিকে তাকিয়েই এই নয়া উদ্যোগ বলে জানা যাচ্ছে।
