ইরানকে বিশ্বাস করা যায় না: আরব আমিরাত

Spread the love

হরমুজ প্রণালি বিষয়ে ইরানের নেয়া যেকোনো একতরফা ব্যবস্থার ওপর বিশ্বাস রাখা যায় না বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ার গারগাশ বলেন, প্রতিবেশীদের বিরুদ্ধে ইরানের ‘বিশ্বাসঘাতক আগ্রাসনের’ পর হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার বিষয়ে ইরানের কোনো একতরফা ব্যবস্থার ওপর বিশ্বাস রাখা যায় না।
উপসাগরীয় দেশগুলোর উদ্বেগের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক আইন এবং যৌথ আন্তর্জাতিক ইচ্ছাশক্তিই প্রধান নিশ্চয়তা, ইরানের কোনো একতরফা পদক্ষেপ নয়।এদিকে কোনো শর্ত ছাড়াই অবিলম্বে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ খলিফা শাহিন আল মারার বলেন, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাবলি আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

বৈশ্বিক সামুদ্রিক নৌ-চলাচলে অবৈধ হস্তক্ষেপের জন্য ইরানকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হরমুজ প্রণালি সংকীর্ণ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এ পথ দিয়ে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ যাতায়াত করে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে ইরানের অবরোধের কারণে গত প্রায় দুই মাস ধরে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত বন্ধ রয়েছে। এর মধ্যে মার্কিন নৌ অবরোধের কারণে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এতে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েই চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *