বুধবার ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা নির্বাচনে, ভোট হয় পরিচালক-প্রযোজক, বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তীর কেন্দ্রেও। আর ভোট মিটতেই, ফলাফল বেরনোর আগে বউ শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়কে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে রাজ।শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজকে দেখা গেল নীল রঙের কুর্তায়। আর শুভশ্রীর গায়ে সাদা-কালো শাড়ি। ‘জগন্নাথঃ স্বামী নযনপথগামী ভবতু মে’ ক্যাপশনে ছবিগুলো ভাগ করে নিয়েছেন। বহুবছর ধরে রাজনীতির জগতের সঙ্গে যুক্ত থাকলেও, ২০২১ সালে প্রথমবার ভোটে দাঁড়ান রাজ। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিপুল সংখ্যক ভোটে জেতেন। দ্বিতীয়বারও এই একই কেন্দ্র থেকে তৃণমূল টিকিট দিয়েছে রাজকে।
নির্বাচনের আগে স্বামীর হয়ে ভোট প্রচারে সামিল হয়েছিলেন শুভশ্রীও। লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত আয়োজিত সেই রোড শো-তে মানুষের ঢল নামে। প্রচারে রাজ-পত্নী তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং বাঙালির আত্মসম্মান রক্ষার লড়াইয়ের কথা বলেন।
এখানেই শেষ নয়, ভোটদানের পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসা করে শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘একজনকেই চিনি, তিনি হচ্ছেন আমাদের মা দুর্গা। প্রতিবারই মা দুর্গার সঙ্গে যেমন মহিষাসুরের লড়াই করতে আসে, প্রচুর বাহিনী নিয়ে আসে, মা দুর্গা একাই দমন করে। এবারেও করবে।’
‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর প্রেমের শুরু। রাজই প্রথম শুভশ্রীকে বিয়ের প্রস্তাব দেন বলে খবর। ২০১৮ সালের মে মাসে রাজ-শুভশ্রী গাঁটছড়া বাঁধেন। বাওয়ালি রাজবাড়িতে তাঁদের বিয়ের আসর বসেছিল। তার আগে মার্চে হয়েছিল দুজনের বাগদান ও রেজিস্ট্রি। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তান পুত্র ইউভানের জন্ম হয়। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে এই দম্পতির কোল আলো করে আসে কন্যা সন্তান ইয়ালিনি।
রাজ-শুভশ্রীর আধ্যাত্মিক টান এর আগেও এসেছে খবরে। বাড়িতে প্রতি বছর জগন্নাথ পুজো করেন। বছরখানেক ধরে রথেও শুভশ্রীকে দেখা যায় পুরীতে। এমনকী, ইয়ালিনিকে নিয়ে অন্তঃসত্ত্বাকালীন সময়তেও তাঁকে দেখা গিয়েছিল জগন্নাথধামে।

কাজের সূত্রে, রাজের পরিচালনায় শেষ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ আবার প্রলয় ২, যা সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এটি প্রযোজনা করেছিলেন শুভশ্রী। মাঝে অভিনেত্রী দেবালয় ভট্টাচার্যের একটি সিনেমায় কাজ করে ফেলেছেন। এরপর তাঁকে দেখা যাবে দেশু সাত-এ, যেখানে দেবের সঙ্গে বাঁধবেন জুটি। ২০২৬ সালের পুজোয় মুক্তি পাচ্ছে এটি।