এই বছরের শুরুর দিকেই ঘোষণা করা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত অভিনীত ছবি ‘অভিমান’ আসছে। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস প্রযোজনা করেছে এই ছবিটি। এবার প্রকাশ্যে এল সিনেমার পোস্টার।
এই ছবিতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম ‘ঋষি চট্টোপাধ্যায়’। যিশুর চরিত্রের নাম ‘আকাশ চট্টোপাধ্যায়’। প্রসেনজিতকে একজন গায়কের ভূমিকায় দেখা যাবে এই সিনেমায়। এই ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।ছবি গল্প বা চরিত্র সম্পর্কে খুব বিস্তারিত ভাবে কিছু জানা না গেলেও, দেখা গিয়েছে পোস্টার জুড়ে পর্দার ‘ঋষি’ প্রসেনজিৎ আর তাঁর নানা ইমোশানের কোলাজ। কখনও তিনি বিরাট ভিড়ের সামনে হাতে মাইক নিয়ে মঞ্চ মাতাচ্ছেন। আবার কখনও তাঁর আশেপাশে নেই ভিড়ের লেশমাত্র। একেবারে একা ইজি চেয়ারে বিষণ্ণ মুখে। যেন অবসরে এই চরিত্রটি সঙ্গীহারা। অন্যদিকে পোস্টাররের আর একপ্রান্তে গম্ভীর মুখে ‘আকাশ’ যিশু। আর তাঁদের মাঝে দর্শকদের চোখে চোখ রেখে আগুনছোঁয়া কালো টি-শার্টে প্রত্যয়ী শুভশ্রী।
ছবিটির পোস্টার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, ‘ভালোবাসা বাঁচে, অভিমানের আঁচে।’ সঙ্গে ছবি মুক্তির দিনক্ষণও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে ‘অভিমান’ চলতি বছরের ১৯ জুন মুক্তি পাবে।
ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করবেন কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায় -সহ আরও অনেকেই। এর আগে প্রকাশ্যে এসেছিল ছবির মোশন পোস্টার। সেখানে লেখা ছিল ‘আমার তোমার আপনার অভিমান’। ছবিতে দেখা গিয়েছিল একটি হলের মধ্যে রাখা সারিসারি চেয়ারের মধ্যে একটি চেয়ারে রাখা গিটার, পাশের টিতে রাখা ফুল এবং তার পাশে রাখা একটি ব্যাগ।

২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই ছবির যাত্রা। ছবির শুভ মহরত অনুষ্ঠানে প্রসেনজিৎ, যিশু এবং শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সৃজিত মুখোপাধ্যায় এবং অবশ্যই প্রযোজক সৌরভ দাস।এদিন সকলেই সাদা পোশাকে হাজির হয়েছিলেন। যিশু এবং প্রসেনজিৎকে দেখা যায় সাদা রঙের কুর্তায়। শুভশ্রী পরেছিলেন একটি সাদা রঙের চুরিদার, সঙ্গে লাল রঙের একটি চোকার।