তিনি তিনবারের জয়ী সাংসদ। এবার রাজনীতির ময়দানে নামছেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু, গসিপ পার্টনার। কোয়েল মল্লিকের সাংসদ হওয়া নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের ঘাটালের সাংসদ দেব। সম্প্রতি প্রজাপতি ২-এর ৭৫ দিনের সেলিব্রেশনে কোয়েল মল্লিক নিয়ে অকপট অভিনেতা।দেবের বিশ্বাস, কোয়েলকে সময় দিতে হবে। ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। বন্ধু হিসাবে পাশে আছেন দেব। দেবের কথায়, ‘কোয়েল আমার কাছের বন্ধু সেটা আলাদা করে বলবার নেই। যেদিন ওর নাম ঘোষণা হয়, ওর সঙ্গে আমার কথা হয়েছে। যেদিন আমি এমপি হয়েছিলাম, সেদিন আমি রংবাজের শ্য়ুটিং করছিলাম ওর সাথে। এবার আমার সময়’।
দেব আরও বলেন, ‘কোয়েল খুব ভালো মানুষ। ভালো মানুষদের রাজনীতিতে আসা উচিত। ভালো মানুষরাই মানুষের ভালো বুঝতে পারবে’। অভিনয় ছেড়ে নতুন জগতে পা, কোয়েলকে মানিয়ে-গুছিয়ে নেওয়ার মতো সময় দিতে হবে বিশ্বাস দেবের। নিজেকে ভালো রাজনীতিবিদ প্রমাণ করতে কোয়েলের সময় দরকার। নিজেও রাজনীতিতে পা দেওয়ার পর কম কটাক্ষ শোনেননি। শুনতে হয়েছিল তাঁর অভিনয় কেরিয়ার শেষ। এখন রোষের মুখে কোয়েল। দেব বলেন, ‘নিজেকে ভালো রাজনীতিবিদ প্রমাণ করা সহজ নয়। ওকে প্রমাণ করার জন্য সময় দেওয়া হোক। আজ থেকে চার-পাঁচ বছর পর ওকে আমরা জাজ করতে পারব।’ দল ভেবেচিন্তে কোয়েলকে মনোনীত করেছে, বিশ্বাস দেবের।
প্রসঙ্গত, তৃণমূলের তরফে কোয়েল মল্লিককে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হয়েছে। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন নায়িকা। সবকিছু ঠিকঠাক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ১৬ই মার্চ সাংসদ হচ্ছেন দেবের রংবাজ নায়িকা।
অভিনেত্রীর প্রার্থী হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং বা বিতর্ক হলেও কোয়েল সেসবে কান দিতে নারাজ। প্রথম দিকে রাজনীতির ময়দানে আসা নিয়ে কিছুটা দোটানা থাকলেও, এখন তিনি সম্পূর্ণ প্রস্তুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। টলিউডের সফলতম নায়িকাদের একজন হয়ে এবার সংসদের উচ্চকক্ষে বাংলার কথা তুলে ধরবেন কোয়েল।

মনোনয়নপত্র জমা দেওয়ার পালা শেষ। ১৬ই মার্চ রাজ্যসভার নির্বাচন। বঙ্গের পাঁচ আসনের একটি বিজেপির, চারটি তৃণমূলের। সেইমতোই প্রার্থী দিয়েছে দুই দল। বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা। তাই নির্বাচন হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ পদ পাচ্ছেন কোয়েল-বাবুলরা।
খুব শীঘ্রই দেব-কোয়েল জুটিকে জলসা পরিবার অ্যাওয়ার্ডে জুটিতে পারফর্ম করতে দেখা যাবে। প্রসঙ্গত, দেবের খাদান ২-এর নায়িকা হিসাবে দেখা যাবে কোয়েলকে। তেমনটাই জানিয়েছেন অভিনেতা। ককপিটের পর থেকে রুপোলি পর্দায় দেব-কোয়েল জুটিকে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।