‘চলচ্চিত্র জগতে পুরুষরা খুবই নিরাপত্তাহীনতায় ভোগেন…’

Spread the love

অভিনেতা ইমরান হাশমি বর্তমানে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘হক’-এ অভিনয়ের জন্য খুবি প্রশংসিত হয়েছেন। ‘হক’ ছবিতে তাঁকে অভিনেত্রী ইয়ামি গৌতম বিপরীতে দেখা গিয়েছিল। তাঁর চরিত্রের নাম ছিল আব্বাস খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে, ইমরান চলচ্চিত্র জগতে অভিনেতাদের নিরাপত্তাহীনতার কথা বলেছেন। তিনি বলেছেন যে, ইন্ড্রাস্ট্রিতে পুরুষ অভিনেতারা প্রতিটি ছবিতে নিজেদেরকে নায়ক হিসেবে দেখতে চান।তিনি জানান যে, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ ছবিটি ব্যাপক সমালোচিত হওয়া সত্ত্বেও বক্স অফিসে কীভাবে ভালো পারফর্ম করেছে।

রণবীর কাপুরের ছবি ‘অ্যানিম্যাল’ কেন ভালো ব্যবসা করেছিল?

নিউজ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানান যে, বর্তমান সময়ের সিনেমাগুলি অতি-পুরুষালি। পুরুষ চরিত্রগুলিকে প্রাধান্য দেওয়া হয়, বিশেষ করে টক্সিক পুরুষদের গ্লোরিফাই করা হয়। যদিও দর্শকরা এই ছবিগুলির বিরুদ্ধেই বেশি কথা বলেন। তবুও টিকিট কেটে ঠিকই দেখতে যান।

ইমরান প্রশ্ন ছুঁড়ে দেন, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর মতো একটি ছবি কেন বক্স অফিসে সাফল্য পেল? কারণ দর্শকরা তো এর বিরোধিতাই করেছিলেন। তাঁর মতে, এই ছবিটি চলেছে কারণ অনেকেই চরিত্রটির সঙ্গে রিলেট করতে পরেছেন।

ইন্ড্রাস্ট্রিতে নায়কদের নিরাপত্তাহীনতা সম্পর্কে ইমরান বলেন, ‘আমাদের চলচ্চিত্র জগতে পুরুষরা খুবই নিরাপত্তাহীনতায় ভোগেন। কতজন ‘হক’-এর মতো ছবি করতে ইচ্ছুক হবে? প্রতিটা গল্পেই শেষ পর্যন্ত একজন পুরুষের জয় দেখানোর প্রয়োজন হয় না। আমি নিজের প্রশংসা করছি না। তবে আমি ‘দ্য ডার্টি পিকচার’ -এর মতো একটা ছবি করেছি কারণ আমার এর বিষয়বস্তু পছন্দ হয়েছিল। আমাদের নিরাপত্তাহীনতা কাটিয়ে উঠতে হবে এবং এই ধরণের ছবি তৈরি করতে হবে।’

প্রসঙ্গত, ইমরান হাশমি বর্তমানে তাঁর ‘হক’ ছবিটি নিয়ে সংবাদের শিরোনামে রয়েছেন। ছবিটি শাহ বানো মামলা থেকে অনুপ্রাণিত, তিনি মুসলিম মহিলাদের অধিকারের জন্য লড়াই করেছিল। ইয়ামি গৌতমকে ‘শাজিয়া বানো’র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বক্স অফিস সাফল্যের পর, ছবিটি বর্তমানে ওটিটিতেও ভালো ব্যবসা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *