Rangamati Tirandaaj to end soon? টলিপাড়ার বাতাসে এখন শুধুই ধারাবাহিক বন্ধ হওয়ার খবর। একের পর এক মেগা অকালেই বিদায় নিচ্ছে। ‘ভোলে বাবা পার করে গা’ এবং ‘চিরসখা’র পর এবার গুঞ্জন শোনা যাচ্ছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ নিয়ে। প্রযোজক সুশান্ত দাসের এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।
বিতর্ক নাকি ব্যবসায়িক সিদ্ধান্ত?
সম্প্রতি প্রযোজক সুশান্ত দাসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নিগ্রহের অভিযোগ এনে জাতীয় কমিশনের দ্বারস্থ হয়েছেন এক অভিনেত্রী। যদিও সুশান্তবাবু এই অভিযোগ অস্বীকার করেছেন, তবে ইন্ডাস্ট্রির অনেকেরই ধারণা, এই বিতর্কের প্রভাব কি ধারাবাহিকের ওপর পড়ছে? তবে সূত্রের খবর বলছে অন্য কথা। শোনা যাচ্ছে, একই চ্যানেলে সুশান্ত দাসেরই নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’ আসার কারণেই হয়তো সরে যেতে হতে পারে ‘রাঙামতি তীরন্দাজ’কে।
কে থাকছেন ‘ঘূর্ণি’-তে?
নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’ নিয়ে জল্পনার শেষ নেই। প্রথমে অভিনেতা নীল ভট্টাচার্যের নাম শোনা গেলেও, তিনি নিজেই সেই খবর নাকচ করে দিয়েছেন। পরে নীলের বদলি ঘূর্ণির নায়ক হন কুণাল শীল। আর নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা সপ্তশ্রী নন্দকে। অন্যদিকে, ‘রাঙামতি তীরন্দাজ’-এর নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায় জানিয়েছেন, ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি তাঁদের কিছু জানানো হয়নি।
অনিশ্চয়তায় কলাকুশলীরা
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক ঘটনার পর থেকেই টলিপাড়ায় এসওপি (SOP) এবং সুরক্ষা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। তার মধ্যেই একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অভিনেতা ও টেকনিশিয়ানরা। ‘রাঙামতি তীরন্দাজ’ শেষ পর্যন্ত কতদিন টেকে, নাকি ‘ঘূর্ণি’র ঝড়ে ধুয়ে যায়— সেটাই এখন দেখার।

ক্রিকেট আর সংগ্রামের গল্প
‘ঘূর্ণি’র গল্প আবর্তিত হবে এক সাধারণ পরিবারের মেয়ের ক্রিকেটার হওয়ার জার্নিকে ঘিরে। সামাজিক বাধা আর হাজারো প্রতিকূলতার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত ক্রিকেটার হিসাবে গড়ে তোলবার পরও ব্যর্থতা ঘিরে ধরে তাঁকে। শুধু তাই নয়, বাংলার গর্ব থেকে আচমকাই কলঙ্কে পরিণত হয় ঘূর্ণি। শ্বশুরবাড়ির তরফেও জোটে তিরস্কার। তবে বউয়ের হাত শক্ত করে ধরে কুণাল। কেন দুম করে তাঁর বিরুদ্ধে এত অভিযোগ? কুশপুতুল দহন, পোস্টার ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে বাড়িতে চড়াও হওয়া? তার আভাস প্রোমোতে মেলেনি।সপ্তশ্রী এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে রীতিমতো প্র্যাকটিসও করেছেন। তাঁর ‘স্পোর্টি লুকে’র প্রোমো ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। রাঙামতি তীরন্দাজের স্লটেই আসবে এই মেগা, নাকি ফের ওলোট পালোট হবে সিরিয়ালের সম্প্রচার সময়. সেটাই এখন দেখবার।