টলিউডের তারকাদের সম্পর্ক ভাঙার খবর নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই মিডিয়ার কাছে খবর ছিল যে, অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সুখের সংসারে ভাঙন ধরেছে। স্ত্রী শ্রেয়ার সঙ্গে ছাদ হয়েছে আলাদা। এমনকী, অভিনেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইলও সেই ইঙ্গিতও দিচ্ছিল। কারণ, যে কোনো ভ্যাকেশন হোক বা অনুষ্ঠান, সেখানে মিসিং ছিলেন শ্রেয়া! তবে কোনোভাবেই সত্যি সামনে আসতে দেননি অভিনেতা। বরং বারংবার তা অস্বীকার করে গিয়েছেন।
তবে অবশেষে জানা গিয়েছে যে, ১২ ডিসেম্বর আইনিভাবে আলাদা হয়েছেন জয়জিৎ আর শ্রেয়া। প্রথমে শোনা গিয়েছিল, শ্রেয়া নাকি পৃথক সম্পর্কে জড়ান, তাই এই বিচ্ছেদ। তবে এরপর সংবাদমাধ্যমে মুখ খোলেন অভিনেতা-পত্নী। স্বামীর নামে অভিযোগের ঝুলি খুলেছেন তিনি। এদিকে জয়জিৎ জানিয়েছেন, ছেলের মায়ের তোলা সব অভিযোগ তিনি মাথা পেতে নিয়েছেন। কোনোরকম কাদা ছোড়াছুড়িতে যেতে রাজি নন।
মা-বাবার ডিভোর্সের পর কার কাছে থাকবেন অভিনেতা পুত্র যশোজিৎ। হিসেব মতো ১৮-র গণ্ডি পেরিয়েছেন তিনি। তাই কার সঙ্গে থাকতে চান, সেই সিদ্ধান্ত তাঁরই। এই নিয়ে শ্রেয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ঠাকুরদা আর ঠাকুমার সঙ্গে থাকার কথা জানিয়েছেন যশোজিৎ নিজেই। এই বৃদ্ধ বয়সে এই মানুষদুটোকে একা ছাড়তে রাজি নন তিনি।
সঙ্গে জয়জিৎ জানিয়েছেন, ‘ছেলের কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু ও এখন বড় হয়েছে তাই নিজেকে সামলে নিতে পারে ও। আমার এখন একমাত্র লক্ষ্য আমার সন্তানকে মানুষ করা। এর বাইরে আমার এখন আর কোন কাজ নেই। তাই আমার নামে যদি কেউ বলে তাহলে আমি সেটা মাথা পেতে নিচ্ছি এর বাইরে আর আমার কিছু বলার নেই।’
