প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন প্রোক্লেমেশন জারি করে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আরও এক দফা কড়াকড়ি আরোপ করলেন। জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা, দুর্বল ভেটিং ব্যবস্থা এবং উচ্চ হারে ভিসা ওভারস্টে-এই যুক্তিতে আরও ২০টি দেশ ও প্যালেস্টিনীয়দের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বা প্রবেশ-নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। এর ফলে ট্রাভেল ব্যান বা এন্ট্রি রেস্ট্রিকশনের আওতায় থাকা দেশের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৪০টি।
হোয়াইট হাউস প্রকাশিত ফ্যাক্ট-শিট অনুযায়ী, নতুন ঘোষণায় পাঁচটি দেশের ওপর সরাসরি সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে, বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া। একই সঙ্গে প্যালেস্টিনিয়ান অথরিটি-জারি করা ভ্রমণ নথি বহনকারী প্যালেস্টিনীয়দেরও এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, লাওস ও সিয়েরা লিওনের ক্ষেত্রেও সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যে দুই দেশ আগে আংশিক প্রবেশ-নিয়ন্ত্রণের আওতায় ছিল। এই সম্প্রসারিত নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই ঘোষণার মাত্র দুই সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোএম জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন বিদ্যমান ১৯টি দেশের তালিকা বাড়িয়ে ৩০টিরও বেশি দেশের ওপর ট্রাভেল ব্যান আরোপের প্রস্তুতি নিচ্ছে। যদিও তখন তিনি নির্দিষ্ট দেশের নাম বা চূড়ান্ত সংখ্যার বিষয়ে কিছু জানাননি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা
১. সিরিয়া
২. বুর্কিনা ফাসো
৩. মালি
৪. নাইজার
৫. দক্ষিণ সুদান
৬. লাওস
৭. সিয়েরা লিওন
৮. আফগানিস্তান
৯. মায়ানমার (বার্মা)

১০. চাদ
১১. রিপাবলিক অব দ্য কঙ্গো
১২. ইকুয়েটোরিয়াল গিনি
১৩. ইরিত্রিয়া
১৪. হাইতি
১৫. ইরান
১৬. লিবিয়া
১৭. সোমালিয়া
১৮. সুদান
১৯. ইয়েমেন
আংশিক প্রবেশ-নিয়ন্ত্রণ
নতুন প্রোক্লেমেশনে আরও ১৫টি দেশের নাগরিকদের ওপর আংশিক প্রবেশ-নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এই তালিকায় রয়েছে-
১. অ্যাঙ্গোলা
২. অ্যান্টিগুয়া ও বারবুডা
৩. বেনিন
৪. কোট দিভোয়ার
৫. ডোমিনিকা
৬. গ্যাবন
৭. গাম্বিয়া
৮. মালাউই
৯. মৌরিতানিয়া
১০. নাইজেরিয়া
১১. সেনেগাল
১২. তানজানিয়া
১৩. টোঙ্গা
১৪. জাম্বিয়া
১৫. জিম্বাবুয়ে
এছাড়া বুরুন্ডি, কিউবা, টোগো ও ভেনেজুয়েলার নাগরিকদের ক্ষেত্রে আগের মতোই আংশিক প্রবেশ-নিয়ন্ত্রণ বহাল থাকছে। তবে এই তালিকায় একমাত্র ব্যতিক্রম তুর্কমেনিস্তান। নতুন নির্দেশিকায় তুর্কমেনিস্তানের নাগরিকদের জন্য নন-ইমিগ্র্যান্ট ভিসার ওপর থাকা কিছু বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।