বালিতে এক হোমিওপ্যাথি চিকিৎসককে খুনের অভিযোগ উঠল পারিচারিকার বিরুদ্ধে। জানা গিয়েছে, বালিতে ফ্ল্যাটে ছেলেকে নিয়ে একা থাকতেন ওই চিকিৎসক। সেখানেই ওই পরিচারিকা কাটারি দিয়ে খুন করেন চিকিৎসককে, বলে অভিযোগ। বৃহস্পতিবার হাওড়ার বালিতে এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রামকৃষ্ণ চালকি। তাঁর বয়স ৪৩ বছর।
জানা যাচ্ছে, এই খুনের পর পরিচারিকা পৌঁছে যান থানায়। সেখানেই তিনি আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে। এদিকে, চালকি পরিবারের তরফে পরিচারিকার বিরুদ্ধে ব্ল্যাকমেলিং-র অভিযোগ উঠছে। এদিন পরিচারিকাকে পুলিশ নিয়ে যাওয়ার সময়, তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। কিছু একটা নিচু গলায় বলতে চেষ্টা করলেও, তা স্পষ্ট শোনা যায়নি।
কী কারণে এই খুন, তার সদুত্তর মেলেনি। তদন্তে নেমেছে পুলিশ। মৃত চিকিৎসকের দাদা শ্রীধর চালকি অভিযোগ তোলেন, টাকা চেয়ে না পাওয়ায় এই খুন। এদিকে, স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, বালির জিটি রোডে গঙ্গার ধারের একটি আবাসনের দু’টি ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকতেন রামকৃষ্ণ। মা এবং স্ত্রী থাকতেন ডানকুনির বাড়িতে।বালিতেই ছিল রামকৃষ্ণ চালকির চেম্বার। এদিকে, এই খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন পরিচারিকা তপতী। কেন এমন খুন! তা নিয়ে ওঠে প্রশ্ন। তপতীকে জেরা করে আপাতত যা জানা গিয়েছে, রান্নাবান্নার জন্য বছর দেড়েক আগে ওই পরিচারিকাকে রেখেছিলেন রামকৃ্ষ্ণ। তিনি রান্নার পাশাপাশি গৃহ সহায়িকা হিসাবে ঘরের অন্য়ান্য় কাজেও সাহায্য করতেন।চিকিৎসকের ছেলে খাওয়ার জন্য ফ্ল্যাটে ঢুকতেই দেখে বাবার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। এদিকে, ততক্ষণে বালি থানায় আত্মসমর্পণ করে ফেলেছে তপতী। এরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় তদন্ত। কেন এই খুন, তা নিয়ে বহু প্রশ্ন উঠছে। মৃতের দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পরিচারিকা তপতীর সঙ্গে মৃতের কোনও সম্পর্ক ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।
